ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ হওয়ার আগেই এসব সরঞ্জাম পাঠানোর লক্ষ্য রয়েছে।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম সরকারি ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য সংসদের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। মন্ত্রিসভায় বিষয়টি পর্যালোচনার পর চলতি মাসেই সংসদে অনুমোদনের প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকার ঠিক কী ধরনের সরঞ্জাম পাঠাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
তবে একটি সামুদ্রিক টহল বিমান, রসদ সরবরাহকারী জাহাজ অথবা সমুদ্রের মাইন শনাক্ত ও অপসারণের জন্য একটি বিশেষ ইউনিট পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সম্ভাব্য সহায়তার ধরন ও পরিমাণ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্য থেকে তেল ও অন্যান্য জ্বালানি পরিবহনের জন্য এই প্রণালি গুরুত্বপূর্ণ।
ফলে সেখানে নৌ চলাচল স্বাভাবিক রাখা আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দেশটি কী ধরনের বাস্তব সহায়তা দিতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। তবে সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে- এমন খবর অস্বীকার করেছে প্রেসিডেন্টের কার্যালয়। তারা বলেছে, এ ধরনের খবরের ‘বাস্তব তথ্যের সঙ্গে মিল নেই’।
অর্থাৎ, হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকার।
দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য এই পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছিল।ট্রাম্প এ অবস্থানের একটি কারণ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার কথা উল্লেখ করেছিলেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



