ছবি: সংগৃহীত
কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক : এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় মুক্তির অনুমতি পেয়েছে। সহিংসতা ও বিতর্কিত বিভিন্ন দৃশ্য নিয়ে আলোচনা থাকলেও সিনেমাটির মূল কোনো দৃশ্য বাদ দিতে বলেনি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।
প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ শ্রেণির ছাড়পত্র পেয়েছে ছবিটি।
সিবিএফসির দেওয়া তথ্য অনুযায়ী, কন্নড় ও ইংরেজি—দুই ভাষায় নির্মিত সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১২ মিনিট। মূল দৃশ্যে কোনো কাটছাঁট না হলেও কিছু শব্দ নিয়ে সংশোধনের নির্দেশনা দিয়েছে সেন্সর বোর্ড।
কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট অথবা পরিবর্তন করতে বলা হয়েছে।
একই সঙ্গে সেই পরিবর্তনের সঙ্গে মিল রেখে ইংরেজি সাবটাইটেলও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সিনেমাজুড়ে ধূমপান ও মদ্যপানবিরোধী প্রয়োজনীয় সতর্কবার্তা যুক্ত করতে বলা হয়েছে।

‘টক্সিক’ মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচনায় এসেছে। সিনেমাটিতে থাকা অতিরিক্ত সহিংসতা, যৌনতা ও কিছু সংবেদনশীল দৃশ্য নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও চলছে আলোচনা।
যুক্তরাজ্যেও সিনেমাটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সিনেমাটি যে শিশুদের জন্য নয়, সে বিষয়টি আগেই স্পষ্ট করেছেন যশ। ভারতীয় একটি টকশোতে উপস্থিত হয়ে নিজের সিনেমার ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এটি প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত।
যশ বলেন, শিশুদের সিনেমাটি দেখতে হলে আসার সুযোগ নেই, কারণ এটি তাদের জন্য তৈরি করা হয়নি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত।
অ্যাকশন, সহিংসতা এবং প্রাপ্তবয়স্কদের উপযোগী গল্পের কারণে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সব বিতর্ক সঙ্গী করেই আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে যশের ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



