ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। মানবিক বিবেচনায় ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় নিয়মিত ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটে। এতে করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থানরত বহু বাংলাদেশি প্রবাসী নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। বিশেষ করে যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তারা অনিশ্চয়তায় পড়েছেন। এই প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী, আজ ৪ মার্চ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে আবুধাবীর উদ্দেশ্যে উড্ডয়ন করবে বিশেষ ফ্লাইটটি। আবুধাবী থেকে একই উড়োজাহাজ স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবী সেক্টরের ফ্লাইট নম্বর নির্ধারণ করা হয়েছে বিএস-৩৪৯ এবং আবুধাবী–ঢাকা সেক্টরের ফ্লাইট নম্বর বিএস-৩৫০। যাত্রীদের সুবিধার্থে দ্রুত টিকিট ইস্যু ও ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী এয়ারপোর্টস কর্তৃপক্ষ চলমান পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলাসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। একই সঙ্গে Etihad Airways-কেও বিশেষ ব্যবস্থায় ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে দুবাই–ঢাকা বিশেষ ফ্লাইট বিএস-৩৪২ পরিচালনার মাধ্যমে ওই ক্রু সদস্যদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিষয়টি সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চিকিৎসা, জরুরি পারিবারিক কারণ বা চাকরিজনিত প্রয়োজন বিবেচনায়ও বিশেষ সহায়তা দেওয়া হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, টিকিট বুকিং ও ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টার কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করা যাবে।
মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়িয়ে এই বিশেষ ফ্লাইট পরিচালনাকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী আরও বিশেষ ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



