ছবি: সংগৃহীত
ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইন টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগতে হলে কিছু সমীকরণে এগোতে হবে বাংলাদেশ দলকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টিতে জয় ও সমান ১টি করে ড্র ও হারে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার (পিসিটি) ৬৬.৬৭।
এমন সাফল্যে টাইগাররা পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মতো দলকে। বর্তমানে বাংলাদেশের ওপরে রয়েছে কেবল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। ঐতিহাসিক এই জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কী ফাইনালের মঞ্চে উঠতে পারবে?
পরিসংখ্যান ও অতীতের সমীকরণ বলছে, লর্ডসে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে একটি দলকে সাধারণত টুর্নামেন্ট শেষে অন্তত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট ধরে রাখতে হয়। বর্তমানে বাংলাদেশ এই গণ্ডির মধ্যেই আছে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে এখনো আরও একটি ম্যাচ বাকি বাংলাদেশের। এই চক্রে বাংলাদেশের অপেক্ষা করছে আরও কয়েকটি কঠিন পরীক্ষা। সামনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এই সিরিজগুলোতে প্রতিটি দলের সঙ্গেই দুটি করে টেস্ট খেলার কথা বাংলাদেশের। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ পয়েন্ট নিশ্চিত করতে হবে।
পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোর দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যখন নিজেদের মধ্যে মুখোমুখি হবে, তখন পয়েন্ট হাতবদলের সুযোগ কাজে লাগিয়ে আরও ওপরে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এছাড়া স্লো ওভার রেটের কারণে যেন কোনো পেনাল্টি পয়েন্ট কাটা না যায়, সেদিকেও সতর্ক থাকতে হবে টাইগারদের।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



