ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সিউলের সহায়তা না করার বিষয়টি উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক ভালো।’ তাই দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে তিনি সন্তুষ্ট নন।
ট্রাম্পের দাবি, এসব সামরিক মহড়া অত্যন্ত ব্যয়বহুল এবং এর বড় একটি অংশের খরচ যুক্তরাষ্ট্রকে বহন করতে হয়। একই সঙ্গে এসব মহড়া উত্তর কোরিয়ার প্রতি ‘অনুপযুক্ত ও বৈরী’ বার্তা দেয় বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ কোনো আচরণ করেনি, বরং সম্মানজনক আচরণ করেছে।
এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কাছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার অনুরোধের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানের ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ’ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। তবে দক্ষিণ কোরিয়া এতে সম্মতি দেয়নি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সিউলের পক্ষ থেকে এর জবাব ছিল-‘না, ধন্যবাদ।’
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দুই দেশ দীর্ঘদিন ধরে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্য সেই সামরিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



