ছবি: সংগৃহীত
রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে মঙ্গলবার। বাজারের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কেনা যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রিও চালু থাকবে। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে সতর্ক করেছে ক্যাব। এই পাঁচ পণ্যের চাহিদাই রমজানে সবচেয়ে বেশি থাকে, তাই স্বল্প আয়ের মানুষ বাজারে বেশি দামের তুলনায় টিসিবির পণ্যের ওপরই ভরসা করেন।
টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারাদেশে থাকবে চারশ’র বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।
টিসিবি’র মুখপাত্র শাহাদত হোসেন বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে, এটা এখন পর্যন্ত সম্ভাব্য সময় ১৭ (ফেব্রুয়ারি) তারিখ থেকে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা সারা দেশব্যাপীই হবে- প্রতিটি জেলা, সিটি কর্পোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে এটা হবে।’ ভালো এ উদ্যোগের সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের।
ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সুযোগ পেলেই দাম বাড়ানোর প্রবণতা থেকে ব্যবসায়ীদের সরাতে যারা এই অপরাধে যুক্ত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া প্রয়োজন। আমরা বারবার বলেছি, শুধুমাত্র জরিমানাই একমাত্র শাস্তি নয়। ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি ভর্তুকি দিয়ে রমজানের পণ্য বিক্রি করবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



