ছবি: সংগৃহীত
চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সব এলাকার মানুষের সুবিধার্থে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ-এর ডাকে এই কর্মসূচি চলছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হরতাল ও অবরোধের ফলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-হেয়াঁকো সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
এ ছাড়া সকাল থেকেই বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণহাট ও হেয়াঁকো বাজারে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যালয় বা সদর দপ্তর কোনো একপাক্ষিক স্থানে না করে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সবার জন্য সুবিধাজনক ও যৌক্তিক স্থানে করার দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা জানান, একটি নতুন উপজেলার সদর দপ্তর যদি সাধারণ মানুষের নাগালের বাইরে কোনো এক কোণায় স্থাপন করা হয়, তবে উপজেলার সুফল সাধারণ মানুষ পাবে না। তাই তারা ন্যায্য দাবির পক্ষে এই হরতাল ডেকেছেন।
হরতাল চলাকালে ওই অঞ্চলের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ ঘটনায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যানচলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলন চলমান ছিল।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



