ছবি: সংগৃহীত
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান।
দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আটজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরে দুর্ঘটনাটি ঘটায় চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি জানান।
এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নিহতদের পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।
দুলু বলেন, নাটোর-পাবনা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের দায়িত্বশীল সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



