ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় অগ্রগতি এসেছে। মাত্র তিন মাসে প্রায় দুই লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর। তবে এখনো কয়েক লাখ আবেদন পেন্ডিং রয়েছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিন মাসের বিশেষ কার্যক্রমে বিশাল অগ্রগতি
নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে গত ডিসেম্বরে নেওয়া তিন মাসের ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়নের ফলে উল্লেখযোগ্য সংখ্যক এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। দায়িত্ব নেওয়ার পর ১৯ ডিসেম্বর এনআইডি ডিজি ঘোষণা দিয়েছিলেন, ঝুলে থাকা প্রায় সাড়ে তিন লাখ আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে।
তিনি বলেন, "আমরা তিন মাসের মধ্যে ৩ লাখ ৭৮ হাজার আবেদনের নিষ্পত্তির পরিকল্পনা করেছিলাম। এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার আবেদন সম্পন্ন হয়েছে।"
আগামী ছয় মাসে লক্ষ্য: পেন্ডিং আবেদন নিষ্পত্তি
ডিজি হুমায়ুন কবীর জানান, ইতোমধ্যে নতুন করে তিন লাখ দুই হাজার আবেদন জমা পড়েছে। সব মিলে কয়েক লাখ আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন, "আগামী ছয় মাসের মধ্যে সব আবেদন নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। ভোটার নিবন্ধনের কাজ শেষ হলে এই প্রক্রিয়া আরও গতিশীল হবে।"
বর্তমানে ভোটার নিবন্ধন কাজ ৫ মে’র মধ্যে শেষ হবে এবং জুন মাসের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর এনআইডি সংশোধন কার্যক্রমে আরও গতি আসবে বলে জানান তিনি।
অনিয়ম রোধে কঠোর অবস্থান, অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা
এনআইডি সংশোধন সেবায় আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিজি হুমায়ুন কবীর জানান, কিছু অসাধু ব্যক্তি টাকা নেওয়ার চেষ্টা করছে, যা ইসির নজরে এসেছে। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। কয়েকটি জায়গায় প্রতারণার ঘটনা ধরা পড়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা ডিবিকে (ডিটেকটিভ ব্রাঞ্চ) কাজে লাগিয়েছি। কিছু প্রতারক চক্র ধরা পড়েছে। ঠাকুরগাঁওয়ে একজন ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে, নরসিংদীতে আরও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।"
এনআইডি সংশোধনে কাঠামোবদ্ধ পরিকল্পনা
এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে তিন ধরনের ছক তৈরি করা হয়েছে।
১. বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য পৃথক ছক
2. চাকরিজীবীদের জন্য নির্ধারিত ছক
3. সাধারণ নাগরিকদের জন্য আলাদা ছক
এছাড়া, প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে এনআইডি সংশোধনের কাজ নিয়মিত মনিটরিং করতে একটি বিশেষ সিস্টেম তৈরি করা হচ্ছে। এতে করে সংশোধন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
জনসেবার মানোন্নয়নে ইসির অঙ্গীকার
জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে জনভোগান্তি কমাতে নির্বাচন কমিশন নানামুখী উদ্যোগ নিয়েছে। ডিজি হুমায়ুন কবীর বলেন, "যে গতিতে কাজ হচ্ছে, সেই গতিতে এগোতে পারলে দ্রুত সময়ের মধ্যে সব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে এবং নাগরিকদের দুর্ভোগ কমবে।"
এনআইডি সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম রোধে নির্বাচন কমিশনের কঠোর নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। "যদি কেউ এনআইডি সংশোধনের নামে টাকা চায়, তবে সেটি দ্রুত আমাদের জানান," বলেন ডিজি হুমায়ুন কবীর।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



