ছবি: সংগৃহীত
তুরস্ক ও ওমানে সম্প্রতি হামলার যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইরান বা তার মিত্রগোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পারস্য নববর্ষ ‘নওরোজ’ এবং ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার এক বার্তায় তিনি এই দাবি করেন।
চলতি মাসের শুরুতে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম নওরোজ ভাষণ। তবে প্রথা ভেঙে ক্যামেরার সামনে না এসে তিনি টেলিগ্রাম চ্যানেলে লিখিত এই বার্তা প্রকাশ করেন। খবর বিবিসির
বার্তায় মোজতবা খামেনি ইরানের পূর্বদিকের প্রতিবেশী দেশগুলোকে ‘খুবই ঘনিষ্ঠ’ হিসেবে অভিহিত করেন। বিশেষ করে পাকিস্তানের কথা উল্লেখ করে তিনি বলেন, তার বাবার অত্যন্ত পছন্দের দেশ ছিল পাকিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা বা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
তুরস্ক ও ওমানে সাম্প্রতিক হামলার দায় অস্বীকার করে মোজতবা খামেনি বলেন, ‘তুরস্ক ও ওমানের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। দেশ দুটিতে যেসব হামলা হয়েছে, তা কোনোভাবেই ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী বা রেজিস্ট্যান্স ফ্রন্টের কাজ নয়।’
ইসরায়েলের দিকে আঙুল তুলে তিনি বলেন, এটি ইহুদিবাদী শত্রুদের একটি চাল। তারা ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী হামলা চালিয়ে ইরানের সঙ্গে প্রতিবেশীদের দূরত্ব তৈরির চেষ্টা করছে।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করেনি ইরানি সংবাদমাধ্যম। অসুস্থতা বা যুদ্ধকালীন নিরাপত্তার কারণে তিনি অন্তরালে রয়েছেন বলে গুঞ্জন থাকলেও, ধারাবাহিক তার নামে লিখিত বার্তা প্রকাশিত হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



