ছবি: সংগৃহীত
আমেরিকান ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের বিষয়ে এক বিশেষ জরুরি বার্তা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও ফৌজদারি মামলা ঠুকে দেওয়া হতে পারে।
শনিবার (১৭ অক্টোবর) ভিসা প্রত্যাশী ও যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের আইন মেনে চলার বিষয়ে সচেতন করতে দূতাবাস থেকে এই সতর্কবার্তা পাঠানো হয়।
দূতাবাস কর্তৃক প্রচারিত বার্তায় গুরুত্বের সঙ্গে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সীমান্ত ও অভিবাসন সংক্রান্ত শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর। কোনো বিদেশি নাগরিক যদি ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অবস্থানের নির্ধারিত সময়সীমা অতিক্রম করেন, তবে তার জন্য পরিণতি হতে পারে মারাত্মক। এমন ভুলের মাশুল হিসেবে সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের অধিকার চিরতরে হারাবেন অর্থাৎ তাঁর ওপর স্থায়ী প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হবে। এর পাশাপাশি আইন অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করার বিধান রয়েছে।
বার্তায় কনস্যুলার কর্মকর্তাদের তথ্যের প্রবেশাধিকার সম্পর্কে সতর্ক করে জানানো হয়, আপনি যখনই নতুন করে ভিসার আবেদন করবেন বা মার্কিন কনস্যুলারের মুখোমুখি হবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আপনার অতীত ইমিগ্রেশন হিস্ট্রির প্রতিটি বিশদ তথ্য যাচাই করে থাকেন। পূর্বে কোনো নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্রের আইন বা নিয়ম ভঙ্গ করা হয়ে থাকলে তা কর্মকর্তাদের স্ক্রিনে স্পষ্ট ভেসে উঠবে।
দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, নিয়ম লঙ্ঘনের পর তা নিয়ে 'অনিচ্ছাকৃত ভুল হয়েছিল' কিংবা 'আইন জানা ছিল না'—জাতীয় কোনো অজুহাত বা শিথিলতা কনস্যুলার কর্মকর্তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিংবা গমনাগমনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের ব্যত্যয় না ঘটিয়ে আইন অনুযায়ী চলার কড়া তাগিদ দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



