ছবি: সংগৃহীত
বলিউডের কিং খান শাহরুখ খান—তাঁর নামই কোটি ভক্তের আবেগ, ভালোবাসা আর অনুপ্রেরণার প্রতীক। ৩৩ বছরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা, ভক্তদের ভালোবাসা, আন্তর্জাতিক স্বীকৃতি, নানা রকম সম্মাননা অর্জন করলেও একটি স্বপ্ন তাঁর এখনো অপূর্ণ ছিল—জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদা জিতে ইতিহাস গড়লেন শাহরুখ খান।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন শাহরুখ। রাষ্ট্রীয় স্তরে এই স্বীকৃতি পাওয়া কেবল তাঁর ভক্তদেরই নয়, বরং পুরো ভারতীয় চলচ্চিত্র জগতের জন্যও এক অনন্য গৌরবের মুহূর্ত।
শাহরুখকে যখন মঞ্চে আমন্ত্রণ জানানো হয়, তখন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু তাঁকে সম্বোধন করেন এক বিশেষ উপাধিতে—“কিং অব আর্টস”। তাঁর ভাষায়, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ কোটি মানুষের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, সেই শাহরুখ আজ পেলেন তাঁর প্রথম জাতীয় পুরস্কার। দিল্লির মঞ্চ থেকে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প নিজেই এক অনন্য অধ্যায়। ‘ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ’—সব কিছুর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি সত্যিকারের কিং অব আর্টস।”
এই বক্তব্যে সমগ্র হলঘর হাততালিতে মুখর হয়ে ওঠে। আবেগে আপ্লুত শাহরুখ দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। মুহূর্তটি সবার হৃদয়ে এক অমলিন স্মৃতি হয়ে ধরা দেয়।
শাহরুখের আজীবনের সঙ্গী গৌরী খানও এই ঐতিহাসিক অর্জনে ভীষণ আবেগাপ্লুত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন: “কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য। বহু বছরের কঠোর পরিশ্রম আর আত্মনিবেদনের ফল এ সাফল্য। এবার আমি তোমার এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল ডিজাইন করব।”
তাঁর এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।
শাহরুখের কন্যা সুহানা খানও বাবার এই সাফল্যে গর্বিত হয়ে আবেগ প্রকাশ করেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন: “তুমি সব সময় বলতে, তুমি কখনো রৌপ্য জিতোনি, কেবল স্বর্ণটা হারিয়েছো। কিন্তু এই রৌপ্যটাই আসল স্বর্ণ। জাতীয় পুরস্কার গ্রহণ করায় আমাদের হৃদয় ভরে গেছে। অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালোবাসি।”
এই শুভেচ্ছা বার্তা শাহরুখের পরিবারের আন্তরিক বন্ধন ও আবেগকে স্পষ্ট করে।
শাহরুখ খান এ বছর “জওয়ান” ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন। ছবিতে তাঁর অভিনয় শুধু বক্স অফিসে ঝড় তোলেনি, সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ক্যারিয়ারের নানা উত্থান-পতনের পর এই সিনেমা তাঁর শিল্পীসত্ত্বার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।
শাহরুখ খানের ৩৩ বছরের ক্যারিয়ার নানা রঙিন অধ্যায়ে ভরা। দিল্লির থিয়েটার থেকে মুম্বাইয়ের মঞ্চ, টেলিভিশন সিরিজ থেকে বলিউডের রাজসিংহাসন, দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গন—সবখানেই ছড়িয়েছেন তিনি তাঁর জাদু। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মাই নেম ইজ খান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘জওয়ান’—প্রতিটি চলচ্চিত্রে দর্শকরা পেয়েছেন ভিন্ন স্বাদের এক কিং খানকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় শুধু তাঁর ক্যারিয়ারের অর্জনের তালিকায় আরেকটি সংযোজন নয়, বরং বলিউডের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।
পুরস্কার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ঢল নামে। দেশ-বিদেশের অসংখ্য তারকা ও সহকর্মী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে শাহরুখের অবদান নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পুরস্কার কেবল একজন অভিনেতার নয়, বরং কোটি ভক্তের আবেগ, যারা তিন দশকের বেশি সময় ধরে শাহরুখকে ভালোবাসায় ভরিয়ে রেখেছেন।
জাতীয় পুরস্কার হাতে নিয়ে শাহরুখ খান নতুন করে প্রমাণ করলেন—তিনি কেবল বলিউডের সুপারস্টার নন, তিনি সত্যিই “কিং অব আর্টস।”
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



