ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায় কম হলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায় কার্যক্রম ধীরে ধীরে গতি পাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, করদাতাদের দীর্ঘদিনের যেসব সমস্যা ছিল, সেগুলো সমাধানের মাধ্যমে কর পরিশোধ প্রক্রিয়া সহজ ও সুগম করার চেষ্টা চলছে। এর ফলে রাজস্ব আদায়ের পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে।
অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ের ঘাটতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর আদায় একটি পর্যায়ক্রমিক বৃদ্ধি। প্রথম দিকে কিছুটা ধীরগতি বা সমস্যা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে। কারণ, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত উদ্যমী ও কঠোর পরিশ্রম করছেন। আশা করা যাচ্ছে, অর্থবছর শেষে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করা সম্ভব হবে।
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে–বিশ্বব্যাংকের এমন পূর্বাভাস বিষয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওয়েট অ্যান্ড সি’। এদিকে বৈঠকে উপস্থিত থাকা রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা সমকালকে বলেন, অর্থমন্ত্রী লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া যেসব প্রতিষ্ঠানের রিফান্ড জমা আছে সেগুলো ছাড় করার বিষয়ে তিনি জোর দিয়েছেন। তিনি এনবিআরে বস্ত্র খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। এরই মধ্যে অর্থবছরের প্রথম দুই মাসে প্রায় ২৯ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। এনবিআরের কর্মকর্তাদের মতে, ভ্যাট রিটার্ন দাখিল তিন মাস পর পর দেওয়ার নিয়ম চালু করার কারণে ভ্যাট থেকে আদায়ে ধীর গতি ছিল। গত জুলাই ও আগস্টে ভ্যাট আদায় কমেছে। তবে কর্মকর্তাদের মতে, তিন মাস পর যখন একসঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের ভ্যাট আদায় হবে তখন প্রবৃদ্ধি ইতিবাচক হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



