ছবি: সংগৃহীত
বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ধরনের সাফল্য অর্জন করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আড়াই মাসে সংস্থাটি অনলাইনে প্রায় ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) জারি করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্যে গত বছরের ১ জানুয়ারি থেকে ‘সিবিএমএস’ নামক স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এই সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করার পর এখন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সব ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনলাইনে জারি করা হচ্ছে। গত আড়াই মাসে মোট ২৪ হাজার ৯৬৩টি ইউপি অনলাইনে ইস্যু করা হয়েছে। অনলাইন সিস্টেম চালুর ফলে বন্ড সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানগুলোকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হতে হচ্ছে না; তারা ঘরে বসেই শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহারের জন্য অনলাইনে আবেদন ও অনুমোদন নিতে পারছেন।
বিবৃতিতে আরও জানায়, আমদানি-রপ্তানি সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমের সঙ্গে এই সফটওয়্যারের এপিআই সংযোগও সম্পন্ন করা হয়েছে। এনবিআর মনে করে, এই ডিজিটাল সেবার ফলে বন্ড সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য পরিমাণ সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হওয়ার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই কার্যক্রমকে আরও নির্বিঘ্ন করতে এনবিআর নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংক, ডেডো, বিজিএমইএ ও বিকেএমইএ-এর ই-ইউডি সিস্টেমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে পর্যায়ক্রমে বন্ড অডিটসহ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনার সব সেবা সম্পূর্ণরূপে অটোমেশনের আওতায় ব্যবসা সহজ করণ কার্যক্রম আরও জোরদার হবে বলেও জানিয়েছে এনবিআর।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



