ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেছেন, "দেশ ও জাতি চিরকাল সেনাবাহিনীর অবদান স্মরণ রাখবে।"
সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা সেনানিবাসে সরাসরি উপস্থিত কর্মকর্তাদের পাশাপাশি অনলাইন মাধ্যমে ঢাকার বাইরের সেনা কর্মকর্তারাও এতে যুক্ত ছিলেন।
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নানা গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, "অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। জরুরি অবস্থা জারি নিয়ে ছড়ানো তথ্যও ভিত্তিহীন।"
তিনি সেনা সদস্যদের সতর্ক করে বলেন, "উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো যাবে না। এমন কিছু করা যাবে না, যাতে উসকানিদাতাদের লক্ষ্য বাস্তবায়িত হয়।"
ঈদ সামনে রেখে কঠোর নজরদারি
ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, "যদি কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার।"
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রশংসা
বৈঠকে তিনি সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা কার্যক্রমের প্রশংসা করেছেন এবং ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর ভূমিকাকে ইতিবাচকভাবে দেখেছেন।
এ ছাড়া, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, "সেনাবাহিনীর পেশাদারিত্ব ও শৃঙ্খলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে।"
রোহিঙ্গা ইফতার আয়োজনেও সেনাবাহিনীর ভূমিকা
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আয়োজিত এক লাখ মানুষের ইফতার ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করে সেনাপ্রধান রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান।
সেনাবাহিনীর দায়িত্ববোধ অটুট থাকবে
সেনাপ্রধান তার বক্তব্যে সেনা সদস্যদের উদ্দেশে বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। আমরা দায়িত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করি। সরকার এবং জনগণ আমাদের কার্যক্রম সম্পর্কে জানে ও বিশ্বাস রাখে।"
এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবে।"
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



