ছবি: সংগৃহীত
আবুধাবিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। যার নেতৃত্বে দেন তাসকিন আহমেদ। তবে বাংলাদেশি পেসারের শুরুটার শেষটা দারুণ করতে পারেনি তার সতীর্থরা। ফল জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের পরাজয় বাংলাদেশের।
২৭২ রানের লক্ষ্য তারা করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টি-টোয়েন্টির যুগে ৫০ ওভারে এই লক্ষ্য তাড়া করতে না পারায় হতাশ তাসকিন।
ব্যাটারদের এই রান তাড়া করা উচিত ছিল বলে জানান তিনি।
ম্যাচ শেষে তাসকিন বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল করা হয়।
বোলিংয়ে তাও তো একটা ধারাবাহিকতা আছে। আসলে ব্যাটরদের (গতকাল) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’
কন্ডিশন অনুযায়ী লক্ষ্য তাড়া করতে না পারার হতাশা তাসকিনের কণ্ঠে। তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আজকে যে রকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল।
ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে দারুণ কিছু করতে হবে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর আফগানিস্তানকে বড় পরাজয়ের স্বাদ দিতে হবে। কেননা নেট রানরেটে এগিয়ে থাকতে পারলেই ২৩ অক্টোবরের ফাইনালে খেলতে পারবে বাংলাদেশ। তাসকিনের বিশ্বাস তারা পারবেন। তিনি বলেছেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



