ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আজ রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরো বাড়িয়ে দিতে পারে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, বিক্ষোভে দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। কর্মসূচিটি সংবাদমাধ্যমে প্রচারের লক্ষ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



