ছবি: সংগৃহীত
শান্ত মধ্যপ্রাচ্য নিমেষেই রণক্ষেত্র। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরুর মধ্যেই ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ইরানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে যুক্তরাষ্ট্র। ইরানও মরিয়া হয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্র এ হামলাকে স্থাপনাকেন্দ্রিক দাবি করলেও ইরানের বেসামরিক এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে।
ইরানে দুই শতাধিক নিহত : হতাহতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও রেড ক্রিসেন্ট জানিয়েছে—নিহত ২০১, আহত ৭৪৭। ইরানের মেহের নিউজকে দেশটির রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টিতেই হামলা চালিয়েছে।
দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ৮৫ জন শিক্ষার্থীর শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, হরমোজগান প্রদেশের ওই শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে। ওই স্কুলে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া লামের্দ শহরের একটি জিমনেসিয়ামে হামলায় ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
ইরানের ফারস নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে ইরান : ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালি ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি নৌচলাচলের পথ। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের এমন আকস্মিক হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, স্পেনসহ বিভিন্ন দেশ। ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে বলে মন্তব্য করে অবিলম্বে যুদ্ধবিরতির আহবানও জানিয়েছে বেইজিং।
একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশপথ ও সমুদ্রপথে ‘ব্যাপক’ হামলা চালানো অব্যাহত রাখবে। তিনি বলেন, এই মুহূর্তে হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সীমিত রয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হচ্ছে। ইসরায়েল তার চলমান অভিযানের নাম দিয়েছে ‘রোয়ারিং লায়ন’ বা ‘গর্জনরত সিংহ’। এ অভিযান আপাতত কয়েক দিন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। লাগলে কয়েক সপ্তাহও চলতে পারে, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে ‘দ্য এপিক ফিউরি’ বা ‘মহাতাণ্ডব’। দুই দেশের যৌথ অভিযানে এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এর মধ্যে ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনাও আছে। ইরানি বার্তা সংস্থা ফার্সের বরাতে আলজাজিরা জানিয়েছে, জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদ, কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আল-সালেম, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি আল-ধাফরা ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
পাল্টা হামলা শুরু করেছে ইরান : ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা।’ এরই মধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট দুজনই অক্ষত : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে যে ভবনে থাকেন, সেটির চত্বরের একাংশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খামেনি হামলার শিকার হয়েছেন কি না, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। এর মধ্যে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি যত দূর জানেন তাতে সর্বোচ্চ নেতা খামেনি জীবিত আছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।
প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডের কমান্ডার নিহত : ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনটি সূত্রের বরাতে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহতের খবর জানিয়েছে।
ট্রাম্পের ‘বড় যুদ্ধ অভিযান’ ঘোষণা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা বলার পর আমেরিকা সেখানে ‘বড় ধরনের যুদ্ধ অভিযান’ শুরু করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে প্রথমবারের মতো বৃহৎ আকারের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ : হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্রাম্প পর্যবেক্ষণ করবেন বলেও জানিয়েছেন লেভিট।
বৈধ লক্ষ্যবস্তু : ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এ অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের সব সম্পদ ‘বৈধ লক্ষ্যবস্তু’। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, তাঁরা ইসরায়েলকে ‘যা আসছে তার জন্য প্রস্তুত থাকতে বলছে এবং আমাদের প্রতিক্রিয়া জনসমক্ষে প্রকাশ করা হবে এবং কোনো লাল রেখা নেই।’ ‘মধ্যপ্রাচ্যে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ ও স্বার্থ একটি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আগ্রাসনের পর কোনো লাল রেখা নেই এবং সবকিছুই সম্ভব, যার মধ্যে এমন পরিস্থিতিও রয়েছে যা আগে বিবেচনা করা হয়নি,’ কর্মকর্তা বলেন। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি আগ্রাসন এবং যুদ্ধ শুরু করেছে, যার ব্যাপক ও দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হবে। ইরানকে সংযম দেখানো বা আত্মসমর্পণের যেকোনো আহবান অগ্রহণযোগ্য এবং কেবল ইচ্ছাকৃত চিন্তা-ভাবনা’।

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা : ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের উরাইমাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কুয়েতে বাংলাদেশি আহত : কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি। দূতাবাসের তরফেও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এ হামলায় আহত হয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তাঁর নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত : এ অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইনস কর্তৃপক্ষ। ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। এয়ারলাইনস সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল স্থগিত করেছে ভারতীয় জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব রুটের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আকাশসীমা বন্ধ করে দিয়েছে উপসাগরীয় দেশ কাতার, কুয়েত ও আরব আমিরাত। এর আগে ইরান, ইরাক ও ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
সূত্র : আলজাজিরা, বিবিসি, রয়টার্স
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



