ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চোরাচালানের ধরন দিন দিন পাল্টে যাচ্ছে। বড় চালান বা সিন্ডিকেটের পরিবর্তে এখন ছোট ছোট চালানে যাত্রী ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।
সম্প্রতি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) তৎপরতায় এমন একটি চক্রের সন্ধান মিলেছে। গোয়েন্দাদের কঠোর নজরদারির মুখে বিমানবন্দরে একের পর এক আটক হচ্ছে মূল্যবান এসব চালান।
সর্বশেষ গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি বিশেষ অভিযানে কোটি টাকার ওপরে চোরাচালানের পণ্য জব্দ করা হয়।
এই তিন অভিযানে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি উচ্চমূল্যের স্মার্টফোন এবং বিভিন্ন প্রসাধনসামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা।
অভিযানের প্রথম ঘটনাটি ঘটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 নম্বর ফ্লাইটে। ব্যাংকক থেকে ঢাকায় আগত যাত্রী মো. আবুল হোসেনের লাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এছাড়াও ওই যাত্রীর কাছ থেকে বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, এই চালানের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 নম্বর ফ্লাইটে। ব্যাংকক থেকে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে মেলে ৩০০ গ্রাম স্বর্ণের বার।
ওই যাত্রীর কাছে আরও ছিল Samsung, Honor ও Realme ব্রান্ডের ৩৫টি দামি স্মার্টফোন। পাশাপাশি ৩৬ কেজি সাবান ও সাড়ে ছয় কেজির বেশি কসমেটিকসও উদ্ধার করা হয়।
আইন অনুযায়ী ব্যাগেজ বিধিমালার কিছু সুবিধা প্রদান করে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। তবে অতিরিক্ত পণ্য ও বাকি স্বর্ণের ওপর শুল্ক ফাঁকির অভিযোগে মোট ৫৫ লাখ ৩০ হাজার টাকার পণ্য আটক করা হয়।
একই ফ্লাইটে আসা আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম স্বর্ণের বার এবং ৪০ কেজির বেশি সাবান জব্দ করা হয়।
নিয়ম মেনে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিলেও বাকি স্বর্ণ এবং অতিরিক্ত সাবান ও প্রসাধনসামগ্রী আটকে দেয় কাস্টমস। এই চালানের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দার সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্তমানে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে অভিনব এই কৌশল বেছে নিয়েছে। ছোট ছোট চালানে পণ্য আনায় আপাতদৃষ্টিতে এগুলোকে সাধারণ বা ছোট মনে হলেও, সামগ্রিকভাবে এটি বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের খণ্ডিত চালানগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং কোনো সুসংগঠিত চোরাচালান চক্রের পূর্বপরিকল্পিত অংশ হতে পারে। চক্রটি এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট ব্যবহার করে নিয়মিত এভাবে অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে আসছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
সরকারের রাজস্ব সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বর্তমানে চরম সতর্ক অবস্থানে রয়েছে। বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
চোরাচালানের পরিবর্তিত ও নিত্যনতুন কৌশলগুলো সফলভাবে প্রতিহত করতে কাস্টমস কর্মকর্তারা আরও কঠোর ও গোয়েন্দা-নির্ভর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে তল্লাশি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)


