ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন। খামেনির বিবৃতি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করেছেন। প্রথম বিবৃতিতেই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেন, এ অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ‘বন্ধুত্বের’ নীতি রয়েছে বলেও জানান তিনি।
হরমুজ প্রণালি বন্ধ থাকবে ঘোষণা দিয়ে বিবৃতিতে তিনি আরো বলেন, ‘স্কুলের শিশুসহ শহীদ সব শিশুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনো হরমুজ প্রণালি বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।
৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো মোজতবা খামেনির আনুষ্ঠানিক বিবৃতি সামনে এলো।
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন সমুদ্রেও ছড়িয়ে পড়ছে। যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে অন্তত ১৬টি জাহাজে হামলা হয়েছে। এর মধ্যে গতকাল ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের ১৩তম দিনে অন্তত তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।
হামলার মুখে জ্বালানি বাজারে অস্থিরতায় তেলের দাম বেড়ে ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। যুদ্ধ বন্ধে ‘বৈধ অধিকারের স্বীকৃতি’, ‘ক্ষতিপূরণ’সহ তিন শর্ত দিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েল অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত দ্বিতীয় সপ্তাহের শেষে পদার্পণ করায় বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে তেলের বাজারে অস্থিরতা সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি ভিত্তিতে তাদের সংরক্ষিত তেলের ভাণ্ডার ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
অন্যদিকে এই যুদ্ধ ঠিক কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরবিরোধী মন্তব্য করেই চলেছেন।
যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের প্রেসিডেন্টের : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন। পেজেশকিয়ানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—তেহরানের ন্যায্য অধিকার নিশ্চিত, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের ওপর আর কোনো হামলা না হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক নিশ্চয়তা।
ইরানে হামলা বন্ধের আহবান রাশিয়ার : ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।
পারস্য উপসাগর, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা : বন্দর, সামুদ্রিক নিরাপত্তা ও রিস্ক ফার্মগুলো জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ও বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে চারটি বাণিজ্যিক জাহাজ উড়ে আসা বস্তুর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে ইরাকের জলসীমায় দুটি জ্বালানিবাহী ট্যাংকারে আঘাত হেনেছে বিস্ফোরকভর্তি কয়েকটি নৌকা, এতে জলযান দুটিতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।
ইরাকের বসরা বন্দরের কাছে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র।
ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ : তেলবাহী ট্যাংকারে হামলার জেরে সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরাক। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রেখেছে দেশটি। দেশটির জেনারেল কম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি জানান এ তথ্য।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের : ইরানের ‘পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে’ হামলার দাবি করেছে ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে অন্তত এক হাজার ৩৪৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ইউনিসেফ এই ক্রমবর্ধমান সংঘাতকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করেছে। ওই প্রস্তাবে ইরানকে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে বলা হয়েছে। তবে প্রস্তাবে ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি হামলার ব্যাপারে কিছুই বলা হয়নি।
লেবানন দখলের হুমকি ইসরায়েলের : হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ না করলে লেবানন দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, বৈরুতের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো অনেক মানুষ ওই খোলা জায়গায় আশ্রয় নিয়েছিল। লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে নিহতের সংখ্যা ৬৩০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মার্কিন মেডিক্যাল কম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা : ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি হ্যাকিং গ্রুপ যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রযুক্তি কম্পানি ‘স্ট্রাইকার’-এর ওপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। বুধবার তারা জানায়, ইরানে সামরিক হামলার প্রতিশোধ হিসেবে প্রতিষ্ঠানটি থেকে ৫০ টেরাবাইট তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।
ইরানের মাইন স্থাপনের কোনো প্রমাণ নেই, দাবি ফ্রান্সের : হরমুজ প্রণালিতে ইরান মাইন পেতেছে—এমন খবর ছড়িয়ে পড়লেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, এর কোনো ‘নিশ্চিত প্রমাণ’ তাঁর কাছে নেই।
ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্য : ট্রাম্প গত বুধবার দাবি করেন, ‘আমরা জিতে গেছি’, যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। তাঁর এই দাবি আগের করা ‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। পরে সেদিনই তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন শুধু সময়ের অপেক্ষা যে আমরা ঠিক কখন থামব।’ এদিকে রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি বিরলভাবে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ধরনের তীব্র সমালোচনা করেছেন। তিনি জনসমক্ষে শুনানির দাবি জানিয়ে বলেন, প্রশাসনের একেক সময় একেক রকম বার্তার কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত : সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে। এর আগে ওই একই তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা আরো একটি ড্রোন ধ্বংস করা হয়। এ ছাড়া স্থানীয় সময় গতকাল ভোরে বিদেশি দূতাবাস এলাকা এবং পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা দুটি পৃথক ড্রোনও গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলায় বেশ কয়েকটি তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার এই ঘটনাকে একটি ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইরান এই হামলার পেছনে থাকার কথা অস্বীকার করেছে।
বাহরাইনের মুহাররাক এলাকায় জ্বালানি ট্যাংকে ইরানি হামলার পর কর্তৃপক্ষ নাগরিকদের ধোঁয়া থেকে বাঁচতে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বুধবার ইরানের হামলা প্রতিহত করেছে, যার মধ্যে ছয়টি ব্যালিস্টিক মিসাইল, সাতটি ক্রুজ মিসাইল ও ৩৯টি ড্রোন ছিল।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইরাকের আধাস্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল শহরে ইতালীয় একটি ঘাঁটিতে গত রাতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি তারা। কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইরবিলে ইতালির প্রায় ৩০০ সেনা সদস্য রয়েছেন।
ভুলবশত স্কুলে হামলা : চলমান সামরিক তদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি নৌঘাঁটির পুরনো তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন বাহিনী ভুলবশত ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, ওই হামলায় অন্তত ১৬৮ শিশু এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



