ছবি: সংগৃহীত
অনলাইন ফুড ডেলিভারির মাধ্যমে কোটি কোটি টাকার খাবার বিক্রি হলেও সরকারি কোষাগারে যথাযথ ভ্যাট জমা পড়ছে না। তিনটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মাত্র এক মাসের বিক্রির তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ২৯টি পরিচিত রেস্তোরাঁর হিসাবে ভয়াবহ অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সংস্থা। এই প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে সারাদেশের প্রায় ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁয় একই ধরনের রাজস্ব ফাঁকির আশঙ্কায় গোয়েন্দা নজরদারি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সারাদেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছে এই তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এনবিআরের নথি অনুযায়ী, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ই-কমার্স ও কুরিয়ার সেবার সঙ্গে যুক্ত প্রায় ২৭ হাজার সম্ভাব্য করদাতাকে চিহ্নিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রেস্তোরাঁ খাত নিয়ে একটি বিশেষ গবেষণা পরিচালনা করে গোয়েন্দা অধিদপ্তর।
গবেষণার অংশ হিসেবে দেশের শীর্ষ তিন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান—ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের কাছ থেকে তাদের প্ল্যাটফর্মে নিবন্ধিত রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করা হয়। সংগৃহীত তালিকায় ফুডপান্ডার ৪ হাজার, ফুডির ৫ হাজার ৩৪৯টি এবং পাঠাও ফুডের ৩ হাজার ৪৬৪টি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে।
যেহেতু একাধিক ডেলিভারি প্ল্যাটফর্মে একই রেস্তোরাঁর নাম রয়েছে, তাই সব মিলিয়ে প্রকৃত রেস্তোরাঁর সংখ্যা ৬ থেকে ৭ হাজার হতে পারে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এই বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের লেনদেন খতিয়ে দেখতেই মাঠ পর্যায়ের কমিশনারেটগুলোকে সক্রিয় করা হয়েছে।
সংগৃহীত তালিকা থেকে পরিচিত ২৯টি রেস্তোরাঁ বাছাই করে ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রের সঙ্গে তিন ডেলিভারি মাধ্যমের বিক্রির তথ্য মিলিয়ে দেখা হয়। বিশদ পর্যালোচনায় উঠে আসে বিক্রির হিসাব গোপনের চাঞ্চল্যকর চিত্র।
বাজার সমীক্ষা অনুযায়ী, সাধারণত একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে হয়ে থাকে এবং বাকি ৯০ শতাংশ আসে সরাসরি বিক্রয়কেন্দ্র বা ডাইন-ইন থেকে। কিন্তু যাচাইকৃত ২৯টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই স্বাভাবিক হিসাব পুরোপুরি উল্টে গেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ২৯টি রেস্তোরাঁর প্রতিটির ক্ষেত্রেই শুধু তিনটি অনলাইন মাধ্যমে বিক্রির পরিমাণ আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়েও বেশি। এর অর্থ হলো, সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রি হওয়া খাবারের বড় একটি অংশের হিসাবও কাগজে-কলমে গোপন রাখা হয়েছে।
তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের দাখিল করা ভ্যাট রিটার্ন ও প্রকৃত অনলাইন বিক্রির মধ্যে কোটি কোটি টাকার ফারাক রয়েছে। দীর্ঘদিন ধরেই এই পদ্ধতিতে বিপুল পরিমাণ রাজস্ব হাতছাড়া হয়ে আসছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে সুলতান’স ডাইনের একাধিক শাখায় বড় ধরনের হিসাবের গরমিল ধরা পড়েছে। প্রতিষ্ঠানটির গুলশান-২ শাখায় আগস্ট মাসে তিনটি মাধ্যমে মোট বিক্রি হয়েছে ৬০ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা, অথচ ভ্যাট দাখিলপত্রে বিক্রি দেখানো হয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৩২০ টাকা। এখানে পার্থক্য পাওয়া গেছে ৮ লাখ ৬২ হাজার ৫৯৭ টাকা।
একইভাবে সুলতান’স ডাইনের মিরপুর-৬ শাখায় অনলাইন বিক্রি ৪৮ লাখ ৫৭ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৩৪ লাখ ৩০ হাজার টাকা, যার পার্থক্য ১৩ লাখ ৭০ হাজার ৫৭ টাকা। এ ছাড়া জিন্দাবাজার শাখায় ৭ লাখ ২৬ হাজার ৩৩৬ টাকা, মিরপুরের আরেকটি শাখায় ১৪ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা এবং আগ্রাবাদ শাখায় ৫ লাখ ৮৮ হাজার ৮২৮ টাকার বিক্রির অসংগতি পাওয়া গেছে।
বার্গার এক্সপ্রেসের শাখাগুলোতে বিক্রির তথ্য গোপনের মাত্রা আরও বেশি দেখা গেছে। বনানী শাখায় আগস্ট মাসে অনলাইন বিক্রি হয়েছে ২৯ লাখ ৩৮ হাজার ৩৬৮ টাকা, বিপরীতে ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার ৫৫ টাকা। দুই হিসাবের পার্থক্য দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ৩১৩ টাকায়।
বার্গার এক্সপ্রেসের কলাবাগান শাখায় অনলাইন বিক্রি ২৭ লাখ ২৩ হাজার ৩০৩ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা, যেখানে পার্থক্য ২০ লাখ ৯০ হাজার ৭৪৩ টাকা। মিরপুর-১০ শাখায় ২৫ লাখ ৬ হাজার ৩০৯ টাকার অনলাইন বিক্রির বিপরীতে দাখিলপত্রে দেখানো হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪৯৫ টাকা, অর্থাৎ পার্থক্য ২০ লাখ ৫৩ হাজার ৮১৪ টাকা।
অন্যদিকে, বার্গার এক্সপ্রেসের মোহাম্মদপুর শাখায় অনলাইন বিক্রি ২৪ লাখ ২৪ হাজার ৪৩৯ টাকা হলেও ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৮৮৫ টাকা। এতে পার্থক্য পাওয়া গেছে ১৭ লাখ ৫৭ হাজার ৫৫৪ টাকা।
তালিকায় থাকা পিজ্জা বার্গের সাতটি শাখা—মিরপুর, বসুন্ধরা, ওয়ারী, ধানমন্ডি, পল্লবী, আদাবর ও গুলশানে সম্মিলিত অনলাইন বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। অথচ ভ্যাট দাখিলপত্রে বিক্রি দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। সাত শাখায় মোট পার্থক্য দাঁড়িয়েছে ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা।
এ ছাড়া চিলক্সের খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী শাখায় যথাক্রমে ৭ লাখ ৭১ হাজার ৩৯৫ টাকা, ৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকা এবং ১০ লাখ ৯১ হাজার ৪০৬ টাকার অসংগতি পাওয়া গেছে। লালবাগ বিরিয়ানি হাউসে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার পার্থক্য ধরা পড়েছে।
একইভাবে চিজের ধানমন্ডি ও মিরপুর শাখা এবং ম্যাডশেফের মিরপুর ও উত্তরা শাখাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বড় অঙ্কের বিক্রির তথ্য গোপনের প্রমাণ মিলেছে। এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, এগুলো কেবল নমুনা মাত্র; আরও গভীর তদন্তে আরও বড় অঙ্কের হিসাব বেরিয়ে আসতে পারে।
মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, পর্যালোচিত ২৯টি প্রতিষ্ঠানের মতো ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁর অধিকাংশের ক্ষেত্রেই একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এতে রেস্তোরাঁ খাতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কমিশনারেটগুলো সমন্বিতভাবে কাজ করলে বড় অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমসহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, ময়মনসিংহ ও কক্সবাজারের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর প্রথম ধাপে সংযুক্ত তালিকা থেকে নিজ নিজ অধিক্ষেত্রের রেস্তোরাঁগুলোর পৃথক তালিকা তৈরি করতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনহীন থাকলে দ্রুত তাকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে।
পাশাপাশি ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের কাছ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের বিক্রির তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। সংগৃহীত এসব তথ্য ভ্যাট দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে বকেয়া রাজস্ব আদায়ের কার্যক্রম পরিচালনা করতে হবে।
সবশেষে, বর্তমান সময়ের প্রকৃত বিক্রির হিসাব নির্ধারণ করে নিয়মিত ও যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছে গোয়েন্দা অধিদপ্তর। এর মাধ্যমে অনলাইনভিত্তিক খাদ্য ব্যবসায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



