ছবি: সংগৃহীত
আগামী শনিবার থেকে দেশের সব কারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও তাদের কথা শোনার দায়িত্ব রয়েছে। হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিকপক্ষের সদিচ্ছার কারণে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে মালিকপক্ষও ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণের শেষ পর্যায় পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং শ্রমিক-মালিকের সমন্বয়ে গ্রহণযোগ্য সমাধানের নির্দেশনা দিয়েছেন।
শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। দেশের শিল্প খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শ্রমিকরা উৎপাদন বাড়াতে পারলে এবং মালিকরা ব্যবসায় আয় করতে পারলে বেতন বাড়ানো কঠিন হবে না। তবে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে যেন দেশের শিল্পকারখানা বন্ধ না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ তুলে শ্রমমন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকার প্রায় ৬০ শতাংশ মানুষ শ্রমজীবী। শ্রমিকরাই বাংলাদেশের শক্তি উল্লেখ করে তিনি বলেন, শিল্পের উন্নয়নে শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা করতে হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী উপস্থিত ছিলেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



