ছবি: সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি আবেদন শুরু হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দিতে পারবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর আবেদনের সুযোগ থাকবে না বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেশের সব সরকারি এবং বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে একই প্রশ্নপত্রে এই অভিন্ন ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে যেসব শিক্ষার্থী ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়মিত ও বিশেষ ক্যাটাগরির জন্য নির্ধারিত জিপিএ শর্ত পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি—এই দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ অর্জন করতে হবে।
অন্যদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ শর্তে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩ থাকলেই আবেদন করা যাবে।
পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই সংরক্ষিত ব্যবস্থার মধ্যেই রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ সংরক্ষিত আসনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের এবং পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ১৫ মিনিট। অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া এই পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে।
পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০ নম্বর, রসায়নে ২৫ নম্বর, পদার্থবিজ্ঞানে ১৫ নম্বর এবং ইংরেজিতে ১৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে।
ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
শিক্ষার্থীদের চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে মোট ২০০ নম্বরের ভিত্তিতে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর আট গুণ এবং এইচএসসির জিপিএর ১২ গুণ যোগ করা হবে।
তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের উত্তীর্ণ বা ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর কাটার নিয়ম প্রযোজ্য হবে। ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে।
এ ছাড়া যারা গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হয়েছিলেন, তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে আগামী ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন ফি জমা দেওয়া যাবে।
পরীক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা dgme.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



