ছবি: সংগৃহীত
বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলট পোশাক রপ্তানির অপচেষ্টা রুখে দিয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম। এই অনিয়মের মাধ্যমে সরকারের প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার টাকার (আনুমানিক ৭৫ লাখ) রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামক অফডকে একটি রপ্তানি পণ্যচালানে অভিযান চালায় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
কাস্টমস সূত্রে জানা গেছে, গাজীপুর সদরের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘বিকেসি সোয়েটার লিমিটেড’ (BKC SWEATER LIMITED)-এর বিল অব এক্সপোর্ট (নং C-779094, তারিখ: ২৩/১১/২০২৬)-এর আওতাধীন চালানটি সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
কায়িক পরীক্ষায় চালানটিতে ঘোষিত ৩ ধরনের পণ্যের (লেডিস ও মেনস সোয়েটার ৩৯ হাজার ৩৭৯ পিস, লেডিস স্কার্ট ৪৫৮ পিস এবং লেডিস প্যান্ট ১৭১ পিস) পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা বহির্ভূত ৪০ হাজার ৮ পিস বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়। পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার এবং গন্তব্যস্থল উল্লেখ ছিল লেবানন (যদিও ইউডিতে নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম রয়েছে)।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ইউটিলাইজেশন ডিক্লারেশন (UD)-এর অধীনে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত বিভিন্ন সুতা বা ফেব্রিকেশন (অর্গানিক কটন, পলিয়েস্টার, নাইলন ফেদার) এবং এক্সেসরিজ (আরএফআইডি, মেটাল জিপার, রাবার ও সিকিউরিটি লেবেল) অবৈধভাবে অপসারণ করেছে। সেই কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন ও রপ্তানি না করে বরং স্থানীয় বাজার থেকে সংগৃহীত ভিন্ন প্রকৃতির স্টকলট পোশাক রপ্তানির চেষ্টা করছিল প্রতিষ্ঠানটি।
কাস্টমস কর্মকর্তারা জানান, বন্ড সুবিধার অপব্যবহারের এই ঘটনায় সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূসক (ভ্যাট) ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। উদ্ঘাটিত এই অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম আইসিডি কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



