ছবি: সংগৃহীত
এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রভাবশালী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট। গত ২২ নভেম্বর প্রকাশিত ২০২৬ সালের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’ অনুযায়ী, ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম।
গবেষণা প্রতিবেদনটির তথ্য বলছে, এবারের সূচকে বাংলাদেশের মোট স্কোর দাঁড়িয়েছে ৮ দশমিক ৯। গত বছরের তালিকার সাথে তুলনা করলে দেখা যায়, বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং তা ২০তম স্থানেই অপরিবর্তিত রয়েছে। তবে অবস্থানের পরিবর্তন না হলেও সামগ্রিক মূল্যায়নে বাংলাদেশের স্কোর গতবারের চেয়ে ০ দশমিক ১ পয়েন্ট কমেছে।
লোই ইনস্টিটিউটের এই বার্ষিক সূচকে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, যাদের প্রাপ্ত স্কোর ৭৮ দশমিক ৯। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন, যাদের স্কোর ৭৩ দশমিক ৬। ৪০ দশমিক ৫ স্কোর অর্জন করে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।
তালিকার শীর্ষ দশে থাকা পরবর্তী দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে জাপান, যাদের স্কোর ৩৮ দশমিক ৬। এর পরপরই পঞ্চম স্থানে রাশিয়া (৩২ দশমিক ২), ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া (৩১ দশমিক ৭), সপ্তম স্থানে দক্ষিণ কোরিয়া (৩১) এবং অষ্টম স্থানে সিঙ্গাপুর (২৬ দশমিক ৯) জায়গা করে নিয়েছে।
আঞ্চলিক বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত। এই অঞ্চলের আরেক দেশ পাকিস্তান ১৫ স্কোর নিয়ে তালিকার ১৬তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ২১তম এবং নেপাল ২৬তম স্থানে রয়েছে, তবে আফগানিস্তানকে এই সূচকের আওতায় রাখা হয়নি।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক দুই ধাপ নিচে অর্থাৎ ২২তম স্থানে। আর ২৭টি দেশ ও অঞ্চলের এই তালিকায় সবচেয়ে নিচে বা সর্বশেষ অবস্থানে রয়েছে তিমুর-লেস্তে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই স্বাধীন দ্বীপরাষ্ট্রটি আন্তর্জাতিকভাবে পূর্ব তিমুর নামেও পরিচিত।
সূচকের অভ্যন্তরীণ বিশ্লেষণে বাংলাদেশের শক্তি ও দুর্বলতার দিকগুলো আলাদাভাবে উঠে এসেছে। লোই ইনস্টিটিউটের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র হলো ‘ভবিষ্যৎ সম্পদ’ বা ফিউচার রিসোর্সেস, যেখানে দেশটির অবস্থান ১৩তম। বিপরীতে সবচেয়ে দুর্বল দিক হিসেবে চিহ্নিত হয়েছে ‘অর্থনৈতিক সম্পর্ক’, যে ক্ষেত্রে বাংলাদেশ ২৩তম অবস্থানে রয়েছে।
দেশগুলোর সামগ্রিক ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব নিরূপণে লোই ইনস্টিটিউট অত্যন্ত নিবিড়ভাবে আটটি মূল বিষয় পর্যালোচনা করে থাকে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব। মূলত ১৩১টি ভিন্ন ভিন্ন সূচকের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই প্রতিটি দেশের চূড়ান্ত স্কোর ও অবস্থান নির্ধারণ করা হয়।
২০২৬ সালের এই প্রতিবেদনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূ-রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, শীর্ষ দুই শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ক্ষমতার ব্যবধান আগের চেয়ে বেশ কমে এসেছে। তবে এই ব্যবধান কমার পেছনে বেইজিংয়ের নিজস্ব অগ্রগতির চেয়ে বরং ওয়াশিংটনের বিভিন্ন কৌশলগত ভুল পদক্ষেপই বেশি ভূমিকা রেখেছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



