ছবি: সংগৃহীত
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ১৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছে থাকা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রীন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এ সময় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের (Flydubai) একটি ফ্লাইটে (FZ501) ঢাকায় পৌঁছানো যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের চলাফেরা ও গতিবিধি গোয়েন্দাদের কাছে সন্দেহজনক মনে হয়।
আটক ওই যাত্রীর পাসপোর্ট নম্বর B00901521 বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। তিনি গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রীর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যানিংয়ের আওতায় আনা হয়। লাগেজ তল্লাশির পাশাপাশি তার শরীরে লুকায়িত অবস্থায় কোনো অবৈধ বা চোরাচালান পণ্য থাকতে পারে—এমন সন্দেহে তাকেও বিশেষভাবে স্ক্যান করা হয়।
শরীর স্ক্যান করার পর ওই যাত্রী তার কাছে লুকায়িত অবস্থায় স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর বিমানবন্দরে কর্মরত অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার দেহ থেকে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্কচটেপ মোড়ানো ধাতব বস্তুগুলো তাৎক্ষণিকভাবে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে নেওয়া হয়। সবার উপস্থিতিতে সেগুলোর স্কচটেপ খোলার পর ভেতর থেকে ১৮টি স্বর্ণের বার বেরিয়ে আসে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৭ গ্রাম। সে হিসাবে ১৮টি স্বর্ণের বারের মোট ওজন দাঁড়ায় ২ কেজি ১০৬ গ্রাম।
জব্দকৃত এসব স্বর্ণের বারের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে প্রাথমিকভাবে নিরূপণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



