ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, বর্তমান পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করা হচ্ছে। এই পরীক্ষামূলক সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
পরীক্ষামূলক এই সময়কালে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনা ব্যবস্থার নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সূচনা হয়েছিল।
প্রথম দফার সংযোগের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফার সংযোগ কার্যক্রম শুরু হয়েছে, যা কেন্দ্রটির চালুর প্রক্রিয়ায় আরেকটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পের প্রধান ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসাটমের প্রকৌশল বিভাগ ওই দিনের বিবৃতিতে জানিয়েছিল, প্রথম সংযোগের সময় চুল্লি নির্ধারিত ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছেছিল।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছিল যে, সে সময় জেনারেটরের উৎপাদন ছিল ৩৭০ মেগাওয়াট। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে নেওয়া হয়।
এর অংশ হিসেবে অক্টোবরের মাঝামাঝি প্রথম ইউনিট ন্যূনতম নিয়ন্ত্রিত ক্ষমতা স্তরে পৌঁছায়, যার মাধ্যমে চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এরপর চুল্লির ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে প্রায় ৪০ শতাংশে আনা হয়, যে পর্যায়ে টারবাইন চালু করে প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া সম্ভব হয়।
পরবর্তী ধাপগুলোতে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে নির্ধারিত মাত্রায় উন্নীত করা হবে এবং সেই সময় ইউনিটটি পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনায় থাকবে। পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর শুরু হবে পুরোদস্তুর বাণিজ্যিক উৎপাদন।
পাবনার রূপপুরে রাশিয়ার নকশায় নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটে স্থাপন করা হয়েছে ভিভিইআর-১২০০ চুল্লি। দুটি ইউনিট মিলিয়ে এই বিদ্যুৎকেন্দ্রের মোট স্থাপিত ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারে। পাশাপাশি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও প্রায় শেষের দিকে রয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎকেন্দ্র চালুর এই গুরুত্বপূর্ণ সময়ে পারমাণবিক নিরাপত্তা ও জরুরি প্রস্তুতির বিষয়টিও বিশেষ নজরে রয়েছে। গত ৮ থেকে ১৮ নভেম্বর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে অবস্থান করে পারমাণবিক ও তেজস্ক্রিয় জরুরি অবস্থা মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছে।
পর্যালোচনা শেষে আইএইএ-এর বিশেষজ্ঞ দল জাতীয় সমন্বয় আরও জোরদার করা, জরুরি পরিকল্পনা চূড়ান্ত করা এবং কেন্দ্রের পূর্ণমাত্রার জরুরি মহড়া চালুর সুপারিশ করেছে।
প্রথম দফার গ্রিড সংযোগকে বাংলাদেশ ও রাশিয়া—উভয় দেশের জন্যই একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছিলেন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। তাঁর মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে আমদানি করা জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



