ছবি: সংগৃহীত
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ। মরুভূমি আর তুষারপাত ছাড়া প্রকৃতির প্রায় সব রূপই ছড়িয়ে আছে সবুজ এই দেশটিতে। প্রতিটি ঋতুতেই বাংলাদেশ সাজে নতুন রূপে, আর শীতকাল ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময়।
শীতের ছুটিতে ঘরের উষ্ণতা ছেড়ে পরিবার বা বন্ধুদের নিয়ে দেশের অপরূপ প্রকৃতি উপভোগ করার আনন্দই আলাদা। চলুন জেনে নেওয়া যাক, শীতে ভ্রমণের জন্য বাংলাদেশের সেরা ১০টি গন্তব্য সম্পর্কে—
১. কক্সবাজার সমুদ্র সৈকত
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। শীতকালে সমুদ্রপাড়ে সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জমে, কারণ উপকূলীয় আবহাওয়ার কারণে এখানে শীতের তীব্রতা তুলনামূলক কম থাকে। উত্তাল ঢেউয়ের গর্জনে হারিয়ে যেতে চাইলে শীতের কক্সবাজার অতুলনীয়। লাবণী ও সুগন্ধা পয়েন্টের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ধরে এগোলে দেখা মিলবে হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, শামলাপুর ও সাবরাংয়ের মতো নয়নাভিরাম জায়গাগুলোর।
২. সেন্টমার্টিন দ্বীপ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন শীতকালীন ভ্রমণের জন্য দারুণ এক গন্তব্য। স্থানীয়ভাবে 'নারিকেল জিঞ্জিরা' নামে পরিচিত মাত্র ১৬ বর্গকিলোমিটারের এই দ্বীপটিতে সাগর পাড়ি দিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ কেবল শীতকালেই পাওয়া যায়। সৈকতের কোলঘেঁষে সারি সারি নারিকেল গাছ, স্বচ্ছ নীল জলরাশি এবং প্রবাল পাথরের অপূর্ব মেলবন্ধন দেশের আর কোথাও দেখা যায় না। সাগরপাড়ের রিসোর্টে রাত যাপনের অভিজ্ঞতা এই ভ্রমণে ভিন্ন মাত্রা যোগ করে।
৩. সুন্দরবন
পাহাড় কিংবা সমুদ্রের পাশাপাশি শীতকালে গহিন বনের হাতছানিও প্রকৃতিপ্রেমীদের টানে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনাঞ্চল বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। ৩৩০ প্রজাতির উদ্ভিদের এই বনে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা ও মায়া হরিণ, কুমির এবং নানা প্রজাতির পাখি ও বানরের। জাহাজে চড়ে সুন্দরবনের কটকা, কচিখালী, হিরণপয়েন্ট, দুবলার চর, পুটনি দ্বীপ ও মান্দারবাড়িয়া ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাকে দেবে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বাদ।
৪. সাজেক ভ্যালি
রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক ভ্যালিতে যাওয়া বেশ সহজ। চারপাশে সবুজ পাহাড়ের সারি আর সাদা তুলোর মতো মেঘের ভেলা সাজেককে করেছে অনন্য। এখানে একই দিনে প্রকৃতির বিচিত্র রূপ দেখা যায়—কখনো রোদের উষ্ণতা, তো পরক্ষণেই হঠাৎ বৃষ্টি কিংবা ঘন কুয়াশা ও মেঘের চাদরে ঢেকে যাওয়া চারপাশ। পাহাড়ের বুক চিরে মেঘেদের এই ওড়াউড়ি দেখতে শীতের সাজেক সেরা।
৫. কুয়াকাটা
একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল অভিজ্ঞতা নিতে চাইলে গন্তব্য হতে পারে 'সাগরকন্যা' কুয়াকাটা। পরিচ্ছন্ন বেলাভূমি, দিগন্তজোড়া নীল আকাশ ও ম্যানগ্রোভ বনের পাশাপাশি এখানকার শুঁটকি পল্লী, ফাতরার বন, গঙ্গামতির জঙ্গল এবং লাল কাঁকড়ার চর পর্যটকদের দারুণ আকর্ষণ করে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটা যাওয়া এখন অনেক সহজ; এছাড়া লঞ্চে পটুয়াখালী হয়েও যাওয়ার রোমাঞ্চকর সুযোগ রয়েছে।
৬. শ্রীমঙ্গল
চায়ের রাজধানী শ্রীমঙ্গল শীতকালে ভ্রমণের জন্য চমৎকার একটি জায়গা। সবুজ চা বাগানের ভেতরের বাংলো বা ইকো রিসোর্টে বসে শীতের হিমেল হাওয়ায় গরম চায়ের কাপে চুমুক দেওয়ার অনুভূতিই আলাদা। পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদের জন্য রয়েছে বাইক্কা বিলের পাখির অভয়াশ্রম এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান, যেখানে জীববৈচিত্র্য দেখতে দেখতে কখন সময় কেটে যাবে তা টেরই পাওয়া যায় না।
৭. বান্দরবান
মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার কথা ভাবলেই প্রথমে আসে বান্দরবানের নাম। সাঙ্গু নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুউচ্চ পাহাড়ের সারি শীতকালে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। স্বর্ণ মন্দির, নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড়, মেঘলা পর্যটন কমপ্লেক্স, শৈলপ্রপাত, বোমাং রাজার বাড়ি এবং পাহাড়ি জনপদ ও ভ্রাম্যমাণ বাজার বান্দরবানকে দেশের অন্যতম বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
৮. রাঙামাটি
পাহাড় আর হ্রদের মিতালিতে গড়া রাঙামাটি শীতের ছুটিতে ঘোরার জন্য আদর্শ। এখানকার প্রধান আকর্ষণ কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে নৌকা ভ্রমণ এবং বিখ্যাত ঝুলন্ত সেতু। নৌপথে ঘুরতে ঘুরতেই দেখে নেওয়া যায় শুভলং ঝর্ণা, পেদা টিং টিং ও টুকটুক ইকো ভিলেজ। এছাড়া শহরের ভেতরে রাজবন বিহার, চাকমা রাজার বাড়ি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া যায়।
৯. বাগেরহাট
সুন্দরবন ভ্রমণের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন দেখতে চাইলে ভ্রমণ তালিকায় রাখতে পারেন বাগেরহাট জেলাকে। এখানে রয়েছে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, নয় গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ, সিঙ্গাইর মসজিদ, রণবিজয়পুর মসজিদ, চুনাখোলা মসজিদ এবং হজরত খান জাহান আলীর (রহ.) মাজার। প্রাচীন ইতিহাসের পাশাপাশি এসব স্থাপত্যের অনন্য নির্মাণশৈলী যে কাউকে মুগ্ধ করবে।
১০. সোনাদিয়া দ্বীপ
শীতকাল ক্যাম্পিং করার সবচেয়ে উপযুক্ত সময়, আর এর জন্য কক্সবাজারের মহেশখালী উপজেলার ৯ বর্গকিলোমিটার আয়তনের সোনাদিয়া দ্বীপ একটি আদর্শ স্থান। নির্জন এই দ্বীপটির তিন দিকেই রয়েছে সমুদ্র সৈকত। এছাড়া সাগরলতায় ঢাকা বালিয়াড়ি, ছোট-বড় খাল, প্যারাবন এবং নানা প্রজাতির জলচর পাখির কলকাকলি ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে।
শীতে বেড়ানোর আরও কিছু গন্তব্য
উপরের ১০টি স্থান ছাড়াও শীতে ঘোরার মতো আরও চমৎকার কিছু জায়গা রয়েছে। নির্জন দ্বীপের স্বাদ নিতে যেতে পারেন ভোলার মনপুরা কিংবা নোয়াখালীর নিঝুম দ্বীপে। শীতকালে পরিযায়ী বা অতিথি পাখির কলতান শুনতে ঘুরে আসতে পারেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন হাওর কিংবা মৌলভীবাজারের হাকালুকি হাওরে। এছাড়া কোলাহলমুক্ত পরিবেশে অবকাশ যাপনের জন্য গাজীপুর বা মৌলভীবাজারের ইকো রিসোর্টগুলোও হতে পারে দারুণ পছন্দ।
ভ্রমণকারীদের প্রতি বিশেষ অনুরোধ ও সতর্কতা
পরিবেশ রক্ষা: দেশের প্রতিটি পর্যটনকেন্দ্র আমাদের জাতীয় সম্পদ। ভ্রমণে গিয়ে যেখানে-সেখানে প্লাস্টিক বা আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতি করবেন না এবং অন্যকেও এ বিষয়ে সচেতন করুন।
তথ্য যাচাই: হোটেল, রিসোর্ট ও যাতায়াত ভাড়া মৌসুম ও সময়ভেদে পরিবর্তিত হয়। তাই ভ্রমণে বের হওয়ার আগে বর্তমান ভাড়া ও আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে পরিকল্পনা করুন এবং যেকোনো অগ্রিম বুকিং বা আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)