ছবি: সংগৃহীত
বিদ্যুৎ উৎপাদনে ভ্যাট ফাঁকির অভিযোগে রহিম এনার্জি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আদায়ের চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।
আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কমিশনারেট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেড (বিন নম্বর-০০০১৩৬০১৩-১৪০৩) রহিম গ্রুপের ৬টি সহযোগী প্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে। মে ২০২১ থেকে এপ্রিল ২০২৬ মেয়াদে সরবরাহ করা এই বিদ্যুতের মোট সেবামূল্য ছিল ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা।
ওই মূল্যের ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ দশমিক ৬৪ টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি এ সময়ে সরকারি কোষাগারে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা ভ্যাট জমা দেয়। ফলে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা।
ভ্যাট ফাঁকি ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের পর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরবর্তীতে শুনানিতে ডাকা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। উভয় পক্ষের শুনানি শেষে অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা—সর্বমোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা আদায়ের চূড়ান্ত আদেশ জারি করা হয়।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



