ছবি: সংগৃহীত
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলায় নতুন করে আরও সাত প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর ফলে ওই জেলায় বর্তমানে মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বিশেষ নির্দেশনায় দেশের এই সাতটি গুরুত্বপূর্ণ জেলায় ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত বাহিনীর জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন গোপালগঞ্জ জেলায়। এছাড়া শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুর জেলায় ১৩ প্লাটুন এবং ফরিদপুর জেলায় পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, দেশের আরও চারটি গুরুত্বপূর্ণ জেলা—নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর এবং শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রাখা হয়েছে।
গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, মোতায়েনকৃত সদস্যরা মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও সরকারি-বেসরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি দেশের ব্যস্ততম মহাসড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা এবং শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রম সচল রাখার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছেন।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে মোকাবেলা করার জন্য নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বক্ষণিক মোবাইল মুভমেন্টের মাধ্যমে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
বাহিনীর সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক এবং মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা, তীক্ষ্ণ সতর্কতা এবং সাধারণ মানুষের প্রতি জনবান্ধব আচরণ বজায় রাখার জন্য সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই বিশেষ তৎপরতা ও টহল কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



