ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে বৈচিত্র্য আনার ধারাবাহিক প্রচেষ্টায় বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। ইউরোপ-আমেরিকার প্রথাগত বা প্রচলিত গন্তব্যের গণ্ডি পেরিয়ে অপ্রচলিত ও নতুন বাজারগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে এসেছে দারুণ ইতিবাচক ধারা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) নতুন ও অপ্রচলিত বাজারগুলো থেকে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। বিশ্ব অর্থনৈতিক মন্দা ও বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও এই প্রবৃদ্ধি দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন আশা জাগাচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পর্যালোচিত চার মাসে অপ্রচলিত বাজারে মোট পোশাক রপ্তানি আয় বেড়ে ২৩৭ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২১৭ কোটি মার্কিন ডলার। অর্থাৎ চার মাসের ব্যবধানে আয় বেড়েছে ২০ কোটি ডলার।
পোশাক খাতের নতুন এই বাজারগুলোর মধ্যে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও এসব দেশে বাংলাদেশি পণ্যের চহিদা ক্রমাগত বাড়ছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।
এই চার মাসের পরিসংখ্যানে সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে তুরস্কের বাজার। দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অপ্রচলিত বাজারে মোট যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে, তার অর্ধেকেরও বেশি অবদান এককভাবে অর্জিত হয়েছে তুরস্ক থেকে।
ইপিবির প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে তুরস্কে পোশাক রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৯ কোটি ৯৭ লাখ ডলার। অর্থাৎ এই বাজারে প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ১০৭ দশমিক ০৫ শতাংশ।
তুরস্কের বাজারে রপ্তানি বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। ফলে নতুন বাজারগুলোর তালিকায় তুরস্কের অর্জিত শেয়ার ৪ দশমিক ৬০ শতাংশ থেকে একলাফে বেড়ে ৮ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে।
নতুন বাজারগুলোর তালিকায় আকারের দিক থেকে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি জাপান। জুলাই-অক্টোবর মেয়াদে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক পাঠানো হয়েছে, যা আগের বছরের চেয়ে ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট পোশাক রপ্তানির ১৮ দশমিক ৪৪ শতাংশই গেছে জাপানে।
এদিকে ওশেনিয়া অঞ্চলের অন্যতম প্রধান অর্থনীতি অস্ট্রেলিয়াতেও বাংলাদেশি তৈরি পোশাকের বাজার প্রসারিত হয়েছে। প্রথম চার মাসে দেশটিতে পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলারে।
আরেক প্রতিশ্রুতিশীল বাজার দক্ষিণ কোরিয়াতেও ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। আলোচিত চার মাসে দেশটিতে পোশাক পাঠানো হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮২ শতাংশ বেশি।
তবে আশাব্যঞ্জক এই চিত্রের মাঝে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে প্রতিবেশী দেশ ভারতের বাজারে। জুলাই-অক্টোবর মেয়াদে ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলারে, যা বিগত সময়ে ঊর্ধ্বমুখী ছিল।
প্রধান শীর্ষ ৫টি বাজার বাদে অপ্রচলিত তালিকার বাকি দেশগুলোতেও ভালো সাফল্য দেখা গেছে। অন্যান্য দেশগুলোতে পোশাক রপ্তানি ৮ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১০৬ কোটি ডলারে পৌঁছেছে, যা মোট অপ্রচলিত বাজার রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ দখল করে আছে।
একক মাস হিসেবে শুধু অক্টোবরের পরিসংখ্যানেও নতুন বাজারে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে দেখা গেছে। এ বছরের অক্টোবর মাসে অপ্রচলিত বাজারগুলো থেকে আয় এসেছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের অক্টোবরের তুলনায় ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি।
অক্টোবর মাসেও তুরস্কে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ঈর্ষণীয়। এক মাসেই দেশটিতে ৭৫ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৯৮ লাখ ডলারে। মাসভিত্তিক রপ্তানির হিসেবে জাপানের পরেই অবস্থান তৈরি করে নিয়েছে তুরস্ক।
একই মাসে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য, যা ১ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। অন্যদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত হয়েছে।
তবে অক্টোবর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়ার বাজারে কিছুটা ছন্দপতন ঘটেছে। অক্টোবরে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫ ৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে গিয়ে ঠেকেছে।
বাজার সম্প্রসারণের এই সার্বিক চিত্র নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঐতিহ্যবাহী বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে জোরালো কাজ করছে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি হাবে রূপান্তর করতে সময়োপযোগী অবকাঠামো ও নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে এলডিসি উত্তরণের মতো গুরুত্বপূর্ণ ধাপের আগেই দেশের সক্ষমতা বাড়াতে ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং দেশীয় উৎপাদন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক সাপ্লাই চেইনে বাংলাদেশকে আরও মজবুত ও আত্মনির্ভরশীল অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
অর্থনীতিবিদ ও তৈরি পোশাক খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, ভৌগোলিক বহুমুখীকরণ বাংলাদেশের পোশাক খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা অর্জনে ঢাল হিসেবে কাজ করবে। কয়েকটা নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা কমলে বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলানো সহজ হবে।
বিশেষ করে জাপান ও তুরস্কের মতো শক্তিশালী অর্থনীতিতে রপ্তানির ভলিউম বাড়ানো এলডিসি-উত্তর চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ইতিবাচক ধারা বজায় রাখতে পারলে ভবিষ্যতে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের আধিপত্য আরও সুসংহত হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



