ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। টানা দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ, যা সাম্প্রতিক সময়ের একটি বড় অর্জন।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।
দেশের ইতিহাসে এই রেমিট্যান্স একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি ২০২৪–২৫ অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ। বছর ব্যবধানে জানুয়ারিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ৪৫ দশমিক ১০ শতাংশ। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।
এর আগের মাস ডিসেম্বরেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য।
ওই মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ বা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সাধারণত রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠান। তবে এবার এসব মৌসুমি কারণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও ডিসেম্বর ও জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



