ছবি সংগৃহীত
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে সাদেকুল হক খান মিল্কিকে হারিয়ে লাখ ভোটের ব্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মো. ইকরামুল হক টিটু।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে ইকরামুল হক টিটুকে বিজয়ী ঘোষণা করা হয়।
সিটি নির্বাচনে ১২৮টি কেন্দ্রের ভোটে বিজয়ী প্রার্থী মো. ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট। বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। অর্থাৎ ইকরামুল হক টিটু ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাদেকুল হক খান মিল্কি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
এছাড়াও এহতেসামুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, কৃষকলীগ নেতা রেজাউল হক হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।
নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী ছাড়াও ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর ভোটের মাঠে লড়াই করেন। বাকি একটি ওয়ার্ডে (১১ নম্বর) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ফরহাদ আলম। এছাড়া ১১টি আসনের বিপরীতে ৬৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর লড়াই করেছেন।
বাংলাবার্তা/এসএ
.png)
.png)
.png)



