ছবি: সংগৃহীত
কিছু অনিয়ম থাকলেও জনরায়কে সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘একটা হামলার ঘটনা বাদ দিলে এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু ভোটগ্রহণের পরের অধ্যায়টা ছিল অস্পষ্ট। সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে, এ ব্যাপারে আমরা কনসার্ন ব্যক্ত করেছি।
সেগুলোকে আমরা একদিকে রেখেছি। তবু সবকিছু বিবেচনায় নিয়ে জনরায়কে সম্মান জানিয়ে আল্লাহর ওপর ভরসা করে এই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল সোমবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতের বিজয়ী এমপিদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
সংসদে দলের ভূমিকা কী হবে, তা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।
প্রতিটি ন্যায়সংগত ব্যাপারে আমাদের সহযোগিতা ও সমর্থন থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। পবিত্র কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট।’
জামায়াত আমির দেশবাসীর উদ্দেশে বলেন, ‘নির্বাচনের আগে আপনাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রিয় দেশবাসী, আপনারা আমাদের পাশে ছিলেন, আমরাও ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ।’
বিভিন্ন সিন্ডিকেটের কবলে থাকা জনগণকে ভোগান্তিহীন একটি দেশ উপহার দিতে সরকারি দলকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, ‘জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এ অবস্থা থেকে আমরা জনগণকে উদ্ধার করতে পারব, যদি সরকারি দল আন্তরিকতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করে।
আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করব বলে আশ্বাস দিচ্ছি। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব।’
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে এবং জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয়, তবে এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ভুলে যাই, তবে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। আমরা চাই, যে কারণে জুলাই ফিরে এসেছে, সেই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



