ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকে এখন বেসামাল, মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্রমাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন? পুরা আউট হয়ে যাবেন।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর এ টিম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
মায়েদের জন্য ঘরে চলাচলে, কর্মস্থলে সমস্ত জায়গায় তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করব, ইনশাআল্লাহ। কোনো জালিম নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তৈরি করা হবে।’
শফিকুর রহমান বলেন, ‘মাথা ঠাণ্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন।
মানুষ কী ভাবছে কান পেতে শোনেন। তাহলে দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাঁদাবাজি করি না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না।
ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আপস রফা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘মায়েদের নিয়ে অনেকে ইদানীং অপমানজনক আচরণ করেন। আমি বিনয়ের সঙ্গে বলব, প্লিজ এগুলো করবেন না। আপনি এবং আমরা সবাই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি।
এই মাকে যত বেশি সম্মান দেব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদের বলব, এগুলো ছেড়ে দেন, এটা ভালো কাজ না।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



