ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংসদে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম স্পিকার হিসেবে প্রস্তাব করা হয়। সংসদে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ায় মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
পরে ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হলে সেখানেও ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে তিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এতে সমর্থন দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি নির্বাচনের এই প্রস্তাবটি বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
পবিত্র কুরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।
’ তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
তিনি আরো বলেন, ‘দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য।’ এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি।
তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রবীণ নেতা। তিনি অতীতে পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



