ছবি: সংগৃহীত
পাকিস্তানকে ১২০ কোটি ডলার ঋণ দিতে আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী কমিটি বৈঠক করবে। এই বৈঠকেই নির্ধারণ করা হবে পাকিস্তানের জন্য এই পরিমাণ ঋণ ছাড় করা হবে কি না। আইএমএফের চলমান দুটি প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হতে পারে। পাকিস্তানের অর্থনীতিতে স্থিরতা ফেরাতে এবং দেশটির সংস্কার কার্যক্রমে সহায়তা দিতে প্রকল্প দুটি নেওয়া হয়।
আইএমএফের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের আওতায় সাত বিলিয়ন ডলারের সহায়তা পাওয়ার কথা পাকিস্তানের। এর মধ্যে আপাতত এক বিলিয়ন ডলার পেতে পারে দেশটি। এ ছাড়া রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফান্ড (আরএসএফ) প্রকল্পের আওতায় ১.৪ বিলিয়ন ডলার ঋণ পেতে পারে পাকিস্তান। এর মধ্য থেকে আপাতত ২০০ মিলিয়ন ডলার ঋণ ছাড় করতে পারে আইএমএফ।
গত ১৪ অক্টোবর আইএমএফ ও পাকিস্তানের মধ্যে স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট (এসএলএ) হয়। আগামী ৮ ডিসেম্বর আইএমএফের নির্বাহী কমিটি এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিলে প্রকল্প দুটি মিলিয়ে পাকিস্তান মোট ১২০ কোটি ডলার ঋণ পাবে। চূড়ান্ত অনুমোদন দেওয়ার একদিন পরই (৯ ডিসেম্বর) এই অর্থ হস্তান্তর করতে পারে আইএমএফ।
এই ঋণ পেলে ইএফএফ ও আরএসএফ প্রকল্পের আওতায় পাকিস্তানের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ৩.৩ বিলিয়ন ডলার।
সূত্র : ডন
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



