ছবি: সংগৃহীত
যুদ্ধ শুরুর পর গত ২৭ দিনে জ্বালানি তেল ও তরল গ্যাস বোঝাই ৩০ টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে ৯ টি জাহাজ এসেছে মধ্য প্রাচ্যের তিন দেশ কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত থেকে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করেছিল এগুলো। বাকি ২১ টি জাহাজ এসেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। চলতি মাসে এসব দেশ থেকে পণ্য এনে আরও ৪ টি জাহাজ নোঙর করবে চট্টগ্রামে।
বৃহস্পতিবার জেট ফুয়েল ও ডিজেল বোঝাই আরেকটি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। মালয়েশিয়া থেকে এলপিজি বোঝাই এবং ইন্দোনেশিয়া থেকে এলএনজি বোঝাই আরও একটি জাহাজ আসবে এই মাসে। বেশি দামে কেনা হলেও এসব দেশ থেকে পণ্য আনতে পাড়ি দিতে হচ্ছে না হরমুজ প্রণালি। তাই বিকল্প এই আট দেশে যোগাযোগ আরও বাড়াচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও ইরাকের সাথেও যোগাযোগ করেছিল বাংলাদেশ। কিন্তু অর্থ ও সময় বেশি লাগায় এসব দেশ থেকে সড়ে আসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
চট্টগ্রাম বন্দরের ‘ভেসেল অ্যারাইভাল লগ’ অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ৩০টি জাহাজের পণ্য খালাস করেছে তারা। এর মধ্যে এলপিজি বোঝাই ৯টি, এলএনজির ৬টি, গ্যাস অয়েলের ৭টি, এইচএসএফও বোঝাই ৪টি, বেস অয়েলের ২টি, ক্রুড অয়েলের ১টি ও এমইজি বোঝাই জাহাজ ছিল ১টি। এর মধ্যে কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ ছিল মাত্র ৯টি। তবে এগুলো যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি পার হতে পেরেছিল। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে কোনো জাহাজ আসেনি বাংলাদেশে। এ জন্য বিকল্প উৎস থেকে তেল ও গ্যাস সংগ্রহ করছে বাংলাদেশ।
বন্দরের সচিব রেফায়েত হামিম জানান, এখন পর্যন্ত বিকল্প দেশে থেকে আসা জাহাজগুলোর মধ্যে সিঙ্গাপুরের ৯টি ও মালয়েশিয়ার জাহাজ ছিল পাঁচটি। অন্যান্য দেশের মধ্যে ভারতের ৩টি এবং অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের জাহাজ আছে একটি করে।
বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন (বাণিজ্য ও অপারেশন) বলেন, ক্রুড অয়েল আমদানিতে আমরা মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে বাধা পাওয়ায় যুদ্ধ শুরুর পর ক্রুড অয়েলের কোনো জাহাজ দেশে আসেনি। এখন তাই বিকল্প দেশের দ্বারস্থ হয়েছি আমরা। এরই মধ্যে মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুরসহ এই অঞ্চলের কয়েকটি দেশ থেকে জ্বালানি তেল ও কনডেনসেট সংগ্রহ করেছি। ঘাটতি কমাতে এই চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তিনি জানান, অপরিশোধিত তেল নিয়ে সমস্যা বেশি হওয়ায় আগামী মাসে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২৫ সেন্ট বেশি খরচ করে এক লাখ টন অপরিশোধিত তেল বিকল্প পথে আনা হবে।
বিপিসির কর্মকর্তারা বলেন, চলতি মাসে মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত তেল নিয়ে ১৬টি ও অপরিশোধিত তেল নিয়ে দুটি জাহাজ ছেড়ে আসার কথা ছিল। এখন পর্যন্ত আটটি জাহাজ এসেছে। পথে আছে আরও তিনটি। বাকি জাহাজগুলো কোনটি কখন আসবে, তা অনিশ্চিত।
গত ৪ মার্চ সৌদি আরব ও ২০ মার্চ আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে অপরিশোধিত তেলবাহী জাহাজ আসার শিডিউল ছিল। কিন্তু জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে পারেনি। এগুলো কবে আসবে তাও নিশ্চিত হওয়া যায়নি। বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও ইরাকের কথা বিবেচনায় আনে বিপিসি। তবে এসব দেশ থেকে তেল আনতে সময় ও খরচ দুটিই উল্লেখযোগ্যভাবে বেশি। মধ্যপ্রাচ্য থেকে জাহাজ আসতে যেখানে ১২ থেকে ১৩ দিন সময় লাগে, সেখানে বিকল্প এসব উৎস থেকে আনতে সময় দ্বিগুণেরও বেশি লাগতে পারে। একই সঙ্গে জাহাজ ভাড়া লাগতে পারে তিন গুণ। তাই এই অঞ্চলের দেশের ওপর জোর বেশি দিচ্ছে বাংলাদেশ।
অভিন্ন চিত্র এলএনজিতেও। বাংলাদেশে প্রতিবছর যে এলএনজি আমদানি করা হয় এর ৮০ শতাংশেরই উৎস মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরুর পর সেখান থেকে হরমুজ প্রণালি অতিক্রম করে এলএনজি বোঝাই কোনো জাহাজ দেশে আসেনি। এলএনজি আমদানির স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের সিনিয়র ডিজিএম মো. নুরুল আলম বলেন, যুদ্ধ শুরুর পর চলতি মাসে যে চারটি জাহাজ মধ্যপ্রাচ্য থেকে এলএনজি এনেছে সেগুলো যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। বিকল্প দেশ থেকে এখন এলএনজি ও এলপিজি সংগ্রহ করা হচ্ছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে দুই জাহাজ এলএনজি ও এলপিজি আসবে শিগগির।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



