ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রত্যাশিত গতি দেখা যায়নি। গত জানুয়ারিতে এ বাজারে রপ্তানি প্রায় ২৫ শতাংশ কমে গেছে। একই সময়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর রপ্তানিও ইইউতে বিভিন্ন হারে হ্রাস পেয়েছে।
ইউরোস্ট্যাস্টের পরিসংখ্যান অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলো চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে ৭০৩ কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৫ শতাংশ কম। যদিও পরিমাণের দিক থেকে তৈরি পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ৩৬ শতাংশ। জানুয়ারিতে ৩৮ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক আমদানি করে ইইউভুক্ত দেশগুলো। তার বিপরীতে গত বছরের জানুয়ারিতে আমদানি করেছিল ৪১ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক।
ইইউভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে চীন আগের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটি এ অঞ্চলে ২২২ কোটি ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯০ শতাংশ কম। একই সময়ে চীনের প্রতি কেজি পোশাকের গড় দামও প্রায় ৮ শতাংশ কমেছে। অন্যদিকে, ইইউ বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জানুয়ারিতে বাংলাদেশ রপ্তানি করেছে ১৪৩ কোটি ইউরোর তৈরি পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৫ শতাংশ কম। গত বছরের জানুয়ারিতে এ রপ্তানি ছিল ১৯১ কোটি ইউরো। পরিমাণের দিক থেকেও চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি প্রায় সাড়ে ১৭ শতাংশ কমেছে। ফলে গড় হিসাবে প্রতি কেজি পোশাকের দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।
ইইউতে তৃতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তুরস্ক। এই বাজারে জানুয়ারিতে ৬২ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে তুরস্ক। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। অবশ্য দেশটির রপ্তানি করা তৈরি পোশাকের প্রতি কেজির দাম জানুয়ারিতে ৩ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
ইউরোস্ট্যাস্টের তথ্যানুযায়ী, ইইউতে তৃতীয় ও চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ যথাক্রমে ভিয়েতনাম ও ভারত। জানুয়ারিতে ভিয়েতনাম রপ্তানি করেছে ৩৬ কোটি ইউরোর তৈরি পোশাক। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম। অন্যদিকে ভারত জানুয়ারিতে ৩৪ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ১৫ শতাংশ কম। চলতি বছরের প্রথম মাসে ভিয়েতনাম ও ভারতের প্রতি কেজি তৈরি পোশাকের দাম যথাক্রমে ৬ দশমিক ৫০ শতাংশ ও ১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



