ছবি: সংগৃহীত
দেশের বাজারে টানা চার দফা দরপতনের পর অবশেষে ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে স্বর্ণের বাজার। সবশেষ টানা কয়েক দফায় কমার পর এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে ভ্যাট ও মজুরিসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে স্বর্ণের এই নতুন দর।
বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের (গোল্ড বার) দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম পুনর্নির্ধারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়।
নতুন রেট অনুযায়ী, বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়াবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে ভ্যাট ও মজুরি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলংকারের ধরন ও নকশা অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া ব্যবহৃত অলংকার বদল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং জুয়েলারি প্রতিষ্ঠানের কাছে পুনারায় বিক্রি বা পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বজায় থাকবে। এসব ক্ষেত্রেও আলাদা কোনো ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের হালনাগাদ পরিস্থিতির ওপর ভিত্তি করে গত ২৫ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ওই দরে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়। ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর থাকা সেই দর তিন দিনের মাথায় ফের বাড়িয়ে নতুন এই দাম নির্ধারণ করল বাজুস।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



