ছবি: সংগৃহীত
খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে আট মাস পর মূল্যস্ফীতি পুনরায় ৯ শতাংশের ঘরে পৌঁছেছে। টানা চতুর্থ মাস বেড়ে ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে, যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ। অর্থাৎ ৯.১৩ শতাংশের হার বোঝায়, গত বছর ফেব্রুয়ারিতে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, তা চলতি বছরের ফেব্রুয়ারিতে কিনতে খরচ করতে হয়েছে ১০৯ টাকা ১৩ পয়সা।
মূল্যস্ফীতির এই হার গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ, তখন তা ৯.১৭ শতাংশ ছিল। মে মাসে তা কমে ৯.০৫ শতাংশে নেমেছিল এবং অক্টোবর মাসে ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন ৮.১৭ শতাংশে পৌঁছায়। এরপর থেকে মূল্যস্ফীতি পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে; নভেম্বরে ৮.২৯ শতাংশ, ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ এবং জানুয়ারিতে ৮.৫৮ শতাংশে পৌঁছায়। ফেব্রুয়ারিতে তা এক লাফে ৯ শতাংশ ছাড়িয়ে ৯.১৩ শতাংশে দাঁড়িয়েছে।
রোববার (৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য বলছে, ফেব্রুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে যা এক মাস আগে জানুয়ারিতেও ৮ দশমিক ২৯ শতাংশ ছিল। অর্থাৎ, মাসের ব্যবধানে এ সূচক বেড়েছে ১ দশমিক ০১ শতাংশ পয়েন্ট। তাতেই সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে বেশ।খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হারও ফেব্রুয়ারিতে বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।
ফেব্রুয়ারিতে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.২১ শতাংশ, যা জানুয়ারিতে ৮.৬৩ শতাংশ ছিল। শহরাঞ্চলে মূল্যস্ফীতি জানুয়ারির ৮.৫৭ শতাংশ থেকে বেড়ে ৯.০৭ শতাংশে পৌঁছেছে। এর মূল কারণ শহরে খাদ্যপণ্যের অস্বাভাবিক বৃদ্ধি। ফেব্রুয়ারিতে শহরাঞ্চলের খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৭ শতাংশে উঠেছে, যা জানুয়ারিতে ছিল ৮.৬১ শতাংশ, অর্থাৎ মাসের ব্যবধানে ১.২৬ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে জানুয়ারির ৮.৫৪ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে ৮.৫৭ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি বাড়ায় সাধারণ মানুষের জীবিকার ওপর চাপ বাড়লেও মজুরি বৃদ্ধিতে কোনো সুখবর নেই। সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে ৯.১৩ শতাংশ, সেখানে ফেব্রুয়ারিতে মজুরি বৃদ্ধির হার মাত্র ৮.০৬ শতাংশ, যা জানুয়ারির ৮.০৮ শতাংশের থেকেও কম। এর অর্থ, জীবনের ব্যয় যে হারে বেড়ে যাচ্ছে, মানুষের আয় সেই তুলনায় বাড়ছে না; বরং আগের তুলনায় কমছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



