ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি রাহুল বা ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪) ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলাদেশি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশ তাদের আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যে জানা যায়, শরিফ ওসমান হাদিকে হত্যার পর আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সম্প্রতি তারা পুনরায় বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালায়।
বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে ভারতীয় পুলিশ বনগাঁ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দুই পলাতক আসামিকে আটক করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিরা হাদিকে খুন করার পর আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়েছিল। ভারতে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে তারা নজরদারি এড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশি গোয়েন্দাদের নজরদারিতে ছিল।
এই গ্রেপ্তারের ঘটনায় ভারতে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৮ মার্চ) আসামিদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



