ছবি: সংগৃহীত
খুলনা ও বাগেরহাটের অর্থনৈতিক রূপরেখা পর্যালোচনা এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পরিদর্শনে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সরকারি সফরে তাঁর কর্মব্যস্ত সূচির মধ্যে রয়েছে সুন্দরবন আকাশপথে পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে প্রশাসনিক সভা এবং বন্দরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন।
রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষর করা এক দাপ্তরিক পত্রে এই সফরের বিস্তারিত সময়সূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচির বিবরণ থেকে জানা যায়, ২২ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার বাসভবন ত্যাগ করে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে আকাশপথে খুলনার পথে রওয়ানা হবেন। পথিমধ্যে সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং দক্ষিণ উপকূলের গুরুত্বপূর্ণ নৌপ্রবেশদ্বার হিরণ পয়েন্ট ওপর থেকে পর্যবেক্ষণ করবেন তিনি।
সুন্দরবনের ওপর দিয়ে উড্ডয়ন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে সেখান থেকে জলপথে লঞ্চে করে বাগেরহাটের বানৌজা মোংলা নৌঘাঁটির উদ্দেশে রওনা হবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে সেখানে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। সেখানে মধ্যাহ্নবিরতি ও বিশ্রামের পর দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ড রুমে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন। এই প্রশাসনিক বৈঠকে খুলনার বিভাগীয় কমিশনারের পাশাপাশি খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং এলাকার শান্তিশৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন অবকাঠামো নিয়ে অবহিত করবেন।
পরবর্তীতে বিকেল ৩টায় দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা জেটিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের সক্ষমতা বৃদ্ধির সার্বিক পরিস্থিতি এবং জাহাজে পণ্য খালাস-উত্তোলনের প্রযুক্তিগত অবকাঠামো পর্যবেক্ষণ করবেন। এর পরপরই বিকেল ৩টা ৩০ মিনিটে মোংলায় অবস্থিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চলের স্থান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের এই সংক্ষিপ্ত সফর শেষে বেলা ৪টায় প্রধানমন্ত্রী মোংলা থেকে ঢাকার উদ্দেশ্যে আকাশপথে রওয়ানা হবেন। সফরসূচি অনুযায়ী বিকেল ৫টায় তাঁর রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তুতি চলছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



