ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো কয়েকটি পদে রদবদল হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদে এসেছে নতুন মুখ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্টের পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পেয়েছেন।
তিনি সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আর লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জানা যায়, নতুন কিউএমজি শাহীনুল হক একসময় সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এই কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন একসময়।
এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার আগে অল্প কিছুদিন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।
২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এই কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সর্বশেষ এই রদবদলে এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এত দিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আর টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি একসময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন।
এ ছাড়া রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে।
সূত্র: কালের কণ্ঠ
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



