ছবি: সংগৃহীত
লিবিয়ার উপকূলে ৫৫ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী বহনকারী একটি রাবারের নৌকা উল্টে দুই শিশুসহ ৫৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ৫৫ জন যাত্রী নিয়ে একটি রাবারের নৌকা উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটি জুওয়ারা শহরের উত্তরে অবস্থান করছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ পেতে কেন এত দেরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।
আইওএম সোমবার জানিয়েছে, নৌকাটিতে বিভিন্ন আফ্রিকান দেশের অভিবাসী ছিলেন। গত শুক্রবার দুইজন নাইজেরিয়ান নারীকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া নারীদের একজন তার স্বামীকে হারিয়েছেন, আর অন্যজন এই দুর্ঘটনায় তার দুই শিশুকে হারিয়েছেন।
আইওএমের চিকিৎসক দল তাদের জরুরি চিকিৎসাসেবা দিয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
সংস্থাটি আরো জানায়, শুধু জানুয়ারি মাসেই ভূমধ্যসাগরে চরম শীতকালীন আবহাওয়ার মধ্যে সংঘটিত একাধিক ‘অদৃশ্য’ নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



