ছবি: সংগৃহীত
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে।
মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভুলবশত কনটেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে।’
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও জানা গেছে।
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (মেইটিওয়াই) মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে।
ভিডিওতে যা বলেছিলেন মোদি
গত ২৩ জুলাই আপলোড করা ভিডিওটিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া ‘জেন জেড’-এর উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বক্তব্যে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ জন্য কঠোর আইনগত বিধান প্রণয়ন করে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর শাস্তি এবং বিশেষ আদালত গঠনের বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উত্থাপনের আগে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।’
ভিডিওটি পুনরায় চালুর আগে ভারতে ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়েছিল, আইনগত অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।
ফেসবুকে সাময়িকভাবে ব্লক হওয়ার আগে ভিডিওটি কয়েক মিলিয়নবার দেখা হয়েছিল।
সূত্র: এনডিটিভি
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)


