ছবি: সংগৃহীত
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। দেশের তৈরি পোশাক, বস্ত্র ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী আরও ১২টি শিল্পপ্রতিষ্ঠান মর্যাদাপূর্ণ লিড সনদ অর্জন করেছে। এর ফলে দেশে পরিবেশবান্ধব বা সবুজ কারখানার মোট সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩০২-এ দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ প্রদান করে।
নতুন ১২টি কারখানা যুক্ত হওয়ায় বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা এখন ৩০২টি। একক দেশ হিসেবে বিশ্বের অন্য কোথাও এত বিপুলসংখ্যক পরিবেশবান্ধব কারখানা নেই, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এ ছাড়া ইউএসজিবিসির মূল্যায়নে বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টি সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর বিস্তারিত তথ্য উঠে এসেছে। সদ্য সনদপ্রাপ্ত ১২টি কারখানার মধ্যে ৯টিই সর্বোচ্চ মর্যাদার প্লাটিনাম সনদ অর্জন করেছে।
এর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড। গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ লাভ করেছে। একই শ্রেণীতে ৮৮ পয়েন্ট পেয়েছে প্রবৃদ্ধি অ্যাপারেলস এবং ৮৬ পয়েন্ট পেয়েছে নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং।
প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের এল ইউসিন ফ্যাশন (৮৫ পয়েন্ট) এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার (৮৪ পয়েন্ট)। এ ছাড়া চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ডিইপিজেড পুরনো এলাকার প্যাক্সার বাংলাদেশ এবং গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড প্রত্যেকে ৮২ পয়েন্ট করে পেয়ে প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে।
নতুন তালিকায় থাকা বাকি ৩টি শিল্পপ্রতিষ্ঠান গোল্ড সনদ অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের বর্ণালি কালেকশন্স লিমিটেডের নিটিং ইউনিট পেয়েছে ৬৮ পয়েন্ট। চট্টগ্রামের বেস্টেক বিডি ৬৬ পয়েন্ট অর্জন করে গোল্ড সনদের তালিকায় নাম লিখিয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট পেয়ে এই স্বীকৃতি লাভ করেছে।
সর্বশেষ এই অর্জনের পর দেশে লিড সনদপ্রাপ্ত কারখানাগুলোর শ্রেণিভিত্তিক পরিসংখ্যানেও বড় পরিবর্তন এসেছে। বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ মানের প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে। পাশাপাশি ১৪৮টি কারখানা গোল্ড সনদ এবং ১৬টি কারখানা সিলভার সনদ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া আরও ৪টি কারখানা সার্টিফায়েড শ্রেণীতে আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন করেছে।
ইউএসজিবিসির নীতিমালা অনুযায়ী, যেকোনো শিল্পভবনের জ্বালানি সাশ্রয় এবং পানির সুষ্ঠু ব্যবহারের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং কারখানার সামগ্রিক পরিবেশগত কার্যকারিতার ভিত্তিতে এই লিড সনদ প্রদান করা হয়।
এ ক্ষেত্রে নতুন অবকাঠামো নির্মাণ এবং পুরনো ভবনের পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য সংস্থাটি পৃথক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে থাকে। নতুন সনদপ্রাপ্ত ১২টি কারখানার মধ্যে কয়েকটি নতুন ভবন নির্মাণসংক্রান্ত ‘বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন’ (বিডি+সি) মানদণ্ডে সনদ পেয়েছে।
বাকি কারখানাগুলো বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ (ও+এম) শ্রেণীতে মূল্যায়িত হয়ে এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



