ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে টানা দশ দিনের ছুটিতে বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়) আমদানি ও রপ্তানি কার্যক্রম বিরতিহীনভাবে চলবে।
তিনি বলেন, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময় বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবে না। ২৮ মার্চ থেকে যথারীতি আবার বন্দর কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি ছুটির কারণে এই দশ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমও স্থগিত থাকবে।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান। তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন। ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে এ সময় ভোমরা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



