ছবি: সংগৃহীত
পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগে মুনাফার ওপর উৎসে কর ১০% নয়, ৫% কাটা হবে—এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে গত মাসে জাতীয় সঞ্চয় অধিদপ্তর ১০% হারে উৎসে কর কেটে নিয়েছিল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে চিঠি পাঠানো হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আগে উৎসে কর ৫ শতাংশ ছিল, আর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কর হতো ১০ শতাংশ। তবে সর্বশেষ ২০২৩ সালের আয়কর আইনের সঙ্গে মিলিয়ে সব সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছিল। গত ডিসেম্বর পর্যন্ত এ ক্ষেত্রে ছাড় ছিল। জানুয়ারি থেকে ছাড় প্রত্যাহার হওয়ায় এখন সব বিনিয়োগকারীর মুনাফা থেকে ১০ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে। ফলে পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারী গ্রাহকরা জানুয়ারিতে মুনাফা কিছুটা কম পেয়েছেন। বিষয়টি নিয়ে কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগের হারে উৎসে কর কার্যকর করে কমানো মুনাফা ফেরতের দাবি জানিয়েছেন।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করেন, তাহলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ৫ শতাংশ। এ ছাড়া কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে যদি শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ওই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর কোনো উৎসে কর প্রযোজ্য হবে না। অর্থাৎ এ ক্ষেত্রে উৎসে করের হার শূন্য শতাংশ থাকবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আয়কর আইন ২০২৩–এর ১০৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের মোট পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ১০ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্পষ্ট করেছে, আগের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা থেকে কোনো উৎসে কর কাটা হবে না। গত ৩১ ডিসেম্বর সরকার প্রজ্ঞাপন জারি করে ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা কমানোর ঘোষণা দিলেও চার দিনের মধ্যে তা বাতিল করা হয়েছে। ফলে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যেসব মুনাফার হার প্রযোজ্য ছিল, তা চলতি বছরের প্রথম ছয় মাসেও বহাল রয়েছে। বর্তমানে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ রাখা হয়েছে—প্রথম ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় ধাপে এর বেশি বিনিয়োগকারীরা। স্কিমভেদে সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



