ছবি: সংগৃহীত
নাশকতার শঙ্কা ও সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই আকাশপথ ও বিমানবন্দরগুলোর সুরক্ষা নিশ্চিত করতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের গাফিলতি না করার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের মূল প্রবেশপথ এবং বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করার নির্দেশনা রয়েছে। তল্লাশি কার্যক্রমে অতিরিক্ত জনবল ও আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো গতিবিধি নজরে এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
বিমানবন্দর চত্বরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে কড়া তল্লাশি চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন কিংবা পণ্যবাহী যান—কোনো কিছুই তল্লাশি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল নির্বিঘ্ন রাখতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
যাত্রীদের নির্ধারিত সময়ের কিছুটা আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হতে পারে, যাতে তল্লাশির কারণে কোনো ভোগান্তি না হয়।
বেবিচক সূত্র বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে দেশের আকাশপথ ও বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



